পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল, সূচি ঘোষণা

জাতীয় স্টেডিয়াম, ঢাকাপ্রথম আলো

পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচের পর সংস্কারকাজের জন্য বন্ধ হয়ে যায় দেশের ঐতিহ্যবাহী এই ভেন্যু। সংস্কার শেষে আন্তর্জাতিক ফুটবল ফিরলেও সেখানে ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ আর হয়নি। আগামী ২৪ নভেম্বর ফেডারেশন কাপের ফর্টিস এফসি–রহতমগঞ্জের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল।

আজ বাফুফেতে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশন কাপের ড্র। ১৩ দলের এই প্রতিযোগিতায় ‘এ’ গ্রুপে পড়েছে আবাহনী লিমিটেড, ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেনস ও চট্টগ্রাম সিটি এফসি। ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, মোহামেডান, পিডব্লুডি, আরামবাগ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স।

ড্রয়ের আগে ফেডারেশন কাপের সূচি প্রকাশ করে বাফুফে। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের সাতটি ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলো এই ভেন্যুতে হওয়ার সম্ভাবনা আছে। ড্র অনুষ্ঠানে বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান এ তথ্য জানান।

এদিকে জাতীয় দলের ক্যাম্প, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে নতুন মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপে দীর্ঘ বিরতি পড়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে ৮ সেপ্টেম্বর বাফুফেকে চিঠি দিয়েছিল দেশের শীর্ষ লিগে খেলা ১০টি ক্লাব।

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান
বাফুফে

কিন্তু এ বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করেই পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৮ সেপ্টেম্বর লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরুর কথা জানিয়েছে বাফুফের লিগ কমিটি। এ নিয়ে ইমরুল হাসান বলেন, ‘আমরা তাদের দাবিগুলো নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে আগে কথা বলব। এরপর ক্লাবগুলোকে ডাকব।’

জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি এবারের ফেডারেশন কাপের ম্যাচ হবে আরও তিন ভেন্যুতে—মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও মানিকগঞ্জের শহীদ মিরাজ–তপন স্টেডিয়াম। ২২ সেপ্টেম্বর গোপালগঞ্জে ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়ংমেনসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ফেডারেশন কাপ।