অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপের বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়ার গ্রুপে বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। দুই সাবেক চ্যাম্পিয়ন উজবেকিস্তান ও সিরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ, সঙ্গে আছে ভারতও। চার দলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে পারলে ২০২৭ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট মিলবে।
আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। এতে ৩২টি দলকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে।
আগামী বছরের মার্চ-এপ্রিলে চীনে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। ১৬ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক দেশ ছাড়া বাকি ১৫টি দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্বের মোট ৮টি গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি এশিয়ান কাপে খেলার টিকিট পাবে। আর রানার্সআপ হওয়া আটটি দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা সেরা ৭টি দল তাদের সঙ্গে যোগ দেবে।
বাছাইয়ে পট-৪ এ থাকা বাংলাদেশ পট-১ থেকে উজবেকিস্তান, পট-২ থেকে সিরিয়া এবং পট-৩ থেকে ভারতকে পেয়েছে। এই চার দল খেলবে গ্রুপ ‘বি’-তে। সব কটি ম্যাচ হবে উজবেকিস্তানের মাটিতে। ২০২৩ সালে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ জেতা উজবেকরাই গ্রুপসেরার লড়াইয়ের ফেবারিট। এ বছর দেশটির জাতীয় দল ফিফা বিশ্বকাপেও খেলছে।
গ্রুপের আরেক দল সিরিয়া ১৯৯৩ সালে বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সর্বশেষ আসরেও বাছাই উতরে চূড়ান্ত পর্বে খেলেছে।
এবারের বাছাইয়ে গ্রুপে চতুর্থ হওয়া দলকে ডেভেলপমেন্ট ফেজে (উন্নয়ন পর্ব) অবনমিত হতে হবে। পরের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে হলে ডেভেলপমেন্ট ফেজে খেলে উতরাতে হবে।
উজবেকিস্তানে ‘বি’ গ্রুপের খেলা কবে কোথায় হবে, তা পরে ঠিক করা হবে।