অঁরি-বার্গক্যাম্পের পাশে ওজিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর আনন্দে ভেসে গেলেন ওজিল। তার আগে একটি গোল করিয়ে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের জয়ে রেখেছেন বড় অবদান l এএফপি
গোলের পর আনন্দে ভেসে গেলেন ওজিল। তার আগে একটি গোল করিয়ে বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের জয়ে রেখেছেন বড় অবদান l এএফপি

সময় কত দ্রুত সবকিছু ভুলিয়ে দেয়। এক বছর আগেও মেসুত ওজিলের জগতে ছিল একরাশ আঁধার। চোটের কারণে ছিটকে পড়েছিলেন লম্বা সময়ের জন্য। বড়দিনের উৎসবে দলকে খেলতে দেখেছেন দর্শক হয়ে। ইংল্যান্ডের সবুজ মাঠ ওজিলের কাছে তখন রুক্ষ পাথুরে চত্বর। আর্সেনাল ও জার্মানির দুই পূর্বসূরি থিয়েরি অঁরি ও লোথার ম্যাথাউসরা পর্যন্ত তাঁর সমালোচনায় মুখর। রেকর্ড টাকা খরচ করে জার্মান মিডফিল্ডারকে এনে আর্সেন ওয়েঙ্গার বোধ হয় ভুলই করে ফেলেছেন, এমন গুঞ্জনই উঠে গিয়েছিল।
এখন হয়তো ওয়েঙ্গার ভাবছেন এমন ‘ভুল’ বারবার হলেও ক্ষতি নেই। এই মৌসুমে আর্সেনালের তো বটেই, সম্ভবত প্রিমিয়ার লিগেরই সবচেয়ে উজ্জ্বল তারা ২৭ বছর বয়সী জার্মান মিডফিল্ডার। কয়টি গোল করিয়েছেন সেই নিক্তিতে অবশ্য ওজিলকে মাপা যাবে না। মিডফিল্ডারের জন্য ৩ গোল খুব খারাপ অবশ্য নয়। তবে মিডফিল্ডারের আসল কাজ যেটি, গোল বানিয়ে দেওয়ায় ওজিল অসাধারণ। মৌসুমের অর্ধেক পথ গেছে, এরই মধ্যে ১৬টি গোলে সহায়তা করেছেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড ২০টি ‘অ্যাসিস্ট’ ওজিলেরই পূর্বসূরি থিয়েরি অঁরির। যেমনটি খেলছেন তাতে অঁরির রেকর্ডটা ভেঙে ফেলা সময়ের ব্যাপার। আর্সেন ওয়েঙ্গার তো এখন আরেক আর্সেনাল কিংবদন্তি ডেনিস বার্গক্যাম্পের সঙ্গেই তাঁর তুলনা করছেন।
পরশু বোর্নমাউথের সঙ্গেই একটি গোল করার পাশাপাশি একটি করিয়েছেন। তবে সতীর্থরা আরেকটু ‘সাহায্য’ করলে অঁরির রেকর্ডে হয়তো এদিনই ভাগ বসিয়ে ফেলতে পারতেন। তাঁর সৃষ্ট অন্তত নয়টি গোলের সুযোগ হেলায় নষ্ট করেছেন ওয়ালকট-জিরু-চেম্বারলেইনরা। গোল করানোতে তো বটেই, সুযোগ সৃষ্টিতেও এই মৌসুমে ওজিলের ধারেকাছে কেউ নেই। শুধু এই মৌসুমেই ৮০ গোলের সুযোগ করে দিয়েছেন, দ্বিতীয় সাউদাম্পটনের ডুসান টাডিচের চেয়ে ৩০টি বেশি! অথচ গত মৌসুমেই মাত্র পাঁচটি গোল করাতে পেরেছিলেন, করেছিলেন চারটি।
ফুটবলে যাঁরা গোল করান, তাঁরা অনেক সময়ই আড়ালে পড়ে যান। তবে ওজিল এবার নেপথ্য নায়কের ভূমিকাতে এমনই উজ্জ্বল, প্রিমিয়ার লিগের সেরা কি না সেই প্রশ্নই উঠে গেছে। আর্সেন ওয়েঙ্গারও ঘুরিয়ে বলেছেন এমনটাই, ‘ও কতটি গোল করিয়েছে দেখুন। এর পর তো আর কিছু বলার নেই।’
তবে এখনই বার্গক্যাম্পের সঙ্গে তুলনাটা কি বাড়াবাড়ি নয়? ২০০৪ সালে আর্সেনালের অপরাজেয় দলের অন্যতম সদস্য ছিলেন, তার আগেও দুবার লিগ জিতেছেন। এসব বাদ দিলেও আর্সেনালের হয়ে বার্গক্যাম্পের ১২৪টি অ্যাসিস্টের কাছাকাছি যেতেও তো আরও অনেকটা পথ হাঁটতে হবে ওজিলকে। তবে দুজনের তুলনা করতে ওয়েঙ্গারের অন্তত দ্বিধা নেই, ‘বার্গক্যাম্প গোলের দিক দিয়ে ওর চেয়ে এগিয়ে ছিল। ওজিলও সেদিকেই ছুটছে। তাদের তুলনা বোধ হয় করাই যায়। সে এখন একজন পূর্ণাঙ্গ খেলোয়াড়।’
তবে আপাতত ওজিল এসব নিয়ে মাথা ঘামাতে চাইবেন না। ১১ বছর শিরোপার জন্য হাপিত্যেশ করে মরছে আর্সেনাল। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ। ওজিল জানেন সেই অরুণোদয়ের অগ্নিসাক্ষী হতে না পারলে এসবের কোনো অর্থ নেই।