অঁরির খোঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের অন্তিম মুহূর্তে নগরপ্রতিদ্বন্দ্বীদের জালে গোল, তাও আবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। অথচ হাভিয়ের হার্নান্দেজের ম্যাচটা খেলার কথাই ছিল না। গোল পেয়ে তাই আবেগাপ্লুত রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। দৌড়ে গিয়ে দুই হাত ছড়িয়ে শুয়ে পড়লেন মাটিতে। তা এমন একটা ম্যাচ জয়ের উদ্যাপনে একটু আতিশয্য তো থাকতেই পারে। কিন্তু থিয়েরে অঁরির কেন যেন ব্যাপারটা ঠিক পছন্দ হয়নি। হার্নান্দেজকে সাবেক এই ফ্রেঞ্চ স্ট্রাইকার খোঁচাই মেরেছেন, ‘ওকে দেখে মনে হচ্ছিল যেন বিশ্বকাপ জয় করে ফেলেছে। এটা আমার ঠিক ভালো লাগেনি।’ অঁরির নিজের উদ্যাপনে আলাদা একটা ঢং ছিল। তবে বাঁধভাঙা আনন্দে নিজেও যে ভেসে যাননি এমন নয়। কেউ সেটা তাঁকে মনে করিয়ে দিয়েছেন কি না কে জানে! অবশ্য হার্নান্দেজ এখন ‘সপ্তম স্বর্গে’, এসব সমালোচনা শুনতে তাঁর বয়েই গেছে! ইএসপিএন।