অকপট রোনালদোর অন্যভুবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোকে নিয়ে নির্মিত প্রামাণ্য কাহি​িনচি​েত্রর পোস্টার
রোনালদোকে নিয়ে নির্মিত প্রামাণ্য কাহি​িনচি​েত্রর পোস্টার

তাঁর জীবন নিয়ে প্রামাণ্যচিত্র। সেটির বেশ কিছু অংশ একরকম আগেই জানা হয়ে গিয়েছিল। সেগুলোর কয়েকটি তো আবার রীতিমতো বোমা ফাটানোর মতো। ক্রিস্টিয়ানো রোনালদোর মা তাঁকে জন্ম দিতে চাননি, তথ্যটা তো চাঞ্চল্যকর বললেও কম বলা হয়। বাবার পানাসক্তি ও দীর্ঘদিনের অসুস্থতা, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি ভালোবাসা, লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথ—সিনেমায় রোনালদো কথা বলেছেন সেসব নিয়েও। দুই দিন আগে আনুষ্ঠানিকভাবে সেই প্রামাণ্য কাহিিনচিত্রটি মুক্তি পেল। কাল লন্ডনে সেটির প্রচারণায় গিয়ে রোনালদো দাবি করলেন, এখানে যা বলেছেন তাঁর জন্য তিনি মোটেই লজ্জিত নন।
রোনালদোকে নিয়ে সবচেয়ে বড় রহস্যের একটি—তাঁর সন্তানের মা কে? আরও একবার তথ্যটা দিতে অস্বীকৃতি জানালেন সিআর-৭, ‘আমি কখনোই কাউকে এটা বলিনি। বলবও না।’ সেটা না হয় বললেন না, কিন্তু প্রামাণ্যচিত্রে নিজের ব্যক্তিগত জীবনের এত কিছু জানিয়ে দেওয়া কি ঠিক হলো? রোনালদো বললেন, ‘আমার কোনো অনুশোচনা নেই। বরং অবিশ্বাস্যই লাগছে। যখন আপনি কিছু করবেন মানুষ আপনার সমালোচনার একটা না একটা কারণ বের করবেই। এটাই স্বাভাবিক।’
নিজেকে সেরা মনে করেন, কদিন আগেই খোলাখুলি জানিয়েছিলেন। রোনালদো এবার জানালেন, এই উপলব্ধিটা অনেক আগের, ‘ছোটবেলা থেকেই আমি বুঝতে পারতাম আমি আসলে বিশেষ কেউ। মানুষজন আমাকে অন্যভাবে দেখত।’
ক্যারিয়ারে সম্ভবত ব্যালন ডি’অর নিয়েই রোনালদোকে সবচেয়ে বেশি প্রশ্ন শুনতে হয়েছে। তিনবার এই পুরস্কার জিতেছেন, মেসির সঙ্গে দ্বৈরথটাও ফুটবল ইতিহাসের অংশই হয়ে গেছে। রোনালদোর অকপট স্বীকারোক্তি, ‘আমি ওকে একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেছি, প্রতিদ্বন্দ্বী নয়। কিন্তু আমরা সব সময় নিজেকে সেরা প্রমাণ করতে সবটুকু ঢেলে দিই।’
মডেল ইরিনা শায়াকের সঙ্গে অনেক দিন ধরেই একসঙ্গে ছিলেন। কিন্তু গত ফেব্রুয়ারিতে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। প্রামাণ্যচিত্রে পুরোনো প্রেমিকার প্রসঙ্গটা একদমই না থাকাটাও একটু বিস্ময়েরই বটে। রোনালদো জানাচ্ছেন, ইরিনাকে এই প্রামাণ্যচিত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করেননি নির্মাতারা।
সেপ ব্ল্যাটারের কথাও উঠল। ফিফার নিষিদ্ধ সভাপতি একটা সময় রোনালদোকে ব্যঙ্গ করে তুমুল সমালোচিত হয়েছিলেন। তবে রোনালদো ব্ল্যাটার প্রসঙ্গটা এড়িয়ে গেলেন, ‘রোনালদো কিছু বললেই সেটা অনেক বড় হয়ে যাবে। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না।’
২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরেই বিশ্ব ফুটবল রোনালদোকে চিনতে শুরু করে। স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকবারই। কিন্তু বার্সেলোনা, ইন্টারের মতো ক্লাবের আগ্রহ থাকার পরও ইউনাইটেডে এসেছিলেন কেন? রোনালদো জানাচ্ছেন, ‘যখন স্যার অ্যালেক্স ফার্গুসন বললেন, “ক্রিস্টিয়ানো, ম্যানচেস্টারে এলে তুমি ৫০ ভাগ ম্যাচ খেলার সুযোগ পাবে।” আমি ভাবলাম, ১৮ বছর বয়সে এটা তো অবিশ্বাস্য। স্যার অ্যালেক্সের শেষ কথাটাই ইউনাইটেডে আসার বড় কারণ ছিল।’ তথ্যসূত্র: এএফপি।