অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের জন্য দেশের জার্সি নিলামে তুলবেন রোনালদো
ফুটবলে খেলোয়াড়দের দান–খয়রাতের কোনো র্যাঙ্কিং নেই। থাকলে সেখানকার শীর্ষস্থান নিয়েও প্রতিদ্বন্দ্বিতা জমত ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির।
দুস্থ মানুষের জন্য দেদারসে দান–খয়রাত করতে কেউ কার্পণ্য করেন না। আজ এখানে দিচ্ছেন তো কাল ওখানে। রোনালদো যেমন লা পালমায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে এলেন।
স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁচার জন্য বাড়িঘর ছাড়তে হয় বেশির ভাগ মানুষকে। প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়।
তাদের সাহায্য করতে রোনালদো তাঁর সই করা পর্তুগাল দলের একটি জার্সি নিলামে তুলবেন। জার্সিটির বিক্রিলব্ধ অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ জানিয়েছে, ২৪ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন, জানিয়েছেন স্প্যানিশ সংবাদকর্মী জাভি রদ্রিগেজ।
দেশের হয়ে নিজের যে জার্সি রোনালদো নিলামে তুলবেন, সেখানে তাঁর সই আছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রয়েছে তাঁর হাতে লেখা একটি বার্তাও, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’
তবে পর্তুগালের কোন ম্যাচের জার্সি রোনালদো নিলামে তুলেছেন, তা জানা যায়নি।
পর্তুগালের হয়ে রোনালদো সর্বশেষ খেলেছেন গত মাসে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি হেরেছিল পর্তুগাল।
ওই ম্যাচে হারের কারণে সরাসরি ২০২২ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পর্তুগাল। ভেজা চোখে মাঠ ছেড়েছিলেন ৩৬ বছর বয়সী পর্তুগিজ তারকা।