অঘটন এড়িয়ে শেষ ষোলোয় জার্মানি

জার্মানির হার এড়ানো গোল এনে দেওয়ার পর সতীর্থদের সঙ্গে গোরেৎজকা (বাঁয়ে)।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য! একইসঙ্গে নাটকীয়। শেষ বাঁশি বাজার ৭ মিনিট আগ পর্যন্তও হাঙ্গেরির সঙ্গে ২-১ গোলে পিছিয়ে থেকে ইউরোর গ্রুপপর্ব থেকে বিদায়ের পথে ছিল জার্মানি।

বদলি হয়ে নামা লিওন গোরেৎজকার ৮৪ মিনিটে করা সমতাসূচক গোলে শেষ পর্যন্ত হাঁপ ছেড়ে বাঁচে জার্মানি।

মিউনিখে হাঙ্গেরির সঙ্গে ২-২ গোলের ড্রয়ে 'মৃত্যুকূপ'খ্যাত 'এফ' গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে ইওয়াখিম ল্যুভের দল। শেষ ষোলোর সুবাস পেয়েও গ্রুপের তলানিতে থেকে বিদায় নিল জার্মানির সঙ্গে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৫তম ব্যবধানে পিছিয়ে থাকা হাঙ্গেরি।

অথচ প্রথমার্ধ শেষে হাঙ্গেরি এগিয়ে ছিল ১-০ গোলে। তখন ইউরোর গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত ছিল জার্মানির। এমনকি ৬৮ মিনিটে হাঙ্গেরি মিডফিল্ডার আন্দ্রাস শাফারের করা গোলের পরও বিদায়ের পথ দেখেছে জার্মানি।

কারণ 'এফ' গ্রুপ থেকে জার্মানির সামনে সমীকরণ ছিল, হাঙ্গেরির কাছে শেষ রাউন্ডের এই ম্যাচে হারা যাবে না। কিন্তু তখন ২-১ গোলে পিছিয়ে ছিল জার্মানি।

হেডে গোল করছেন হাঙ্গেরি স্ট্রাইকার আদাম সালাই।
ছবি: রয়টার্স

ভাগ্যিস! ৮৪ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া শটে সমতাসূচক গোলটি করেছিলেন জার্মান মিডফিল্ডার গোরেৎজকা। নইলে প্রথমার্ধে মিউনিখের আকাশ ভেঙে নামা বৃষ্টি ঝরতে পারত জার্মান সমর্থকদের চোখেও।

কিন্তু ওই যে ফুটবলে একটা প্রচলিত কথা আছে '...দিন শেষে জার্মানিই জেতে' তেমনি এই ম্যাচে জার্মানি জিততে না পারলেও ড্র-টা যে জয়েরই সমান! আর তাই মিউনিখের আকাশে ঝরে পড়া বৃষ্টি অনূদিত হয়েছে হাঙ্গেরি সমর্থকদের চোখে।

বিরতির পর জার্মানিকে সমতাসূচক গোলটি এনে দেন হাভার্টজ।
ছবি: রয়টার্স

অথচ ম্যাচের ১১ মিনিটে হাঙ্গেরি সমর্থকদের চোখেমুখে বিজয়োল্লাস এনে দিয়েছিলেন হাঙ্গেরি স্ট্রাইকার আদাম সালাই। ডান প্রান্ত দিয়ে দারুণ এক আক্রমণ থেকে ভেসে আসা ক্রসে হেড করে গোল করেন তিনি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারিনায় জার্মান সমর্থকদের স্তব্ধ করে ১-০ গোলে এগিয়ে যায় হাঙ্গেরি।

জার্মানি এই গোল শোধ করেছে বিরতির পর ৬৬ মিনিটে। জটলার ভেতর থেকে হেডে গোল করেন জার্মান মিডফিল্ডার হাভার্টজ। কিন্তু নাটকের তখনো শেষ হয়নি।

খেলা পুনরায় শুরুর পর ৯০ সেকেন্ডের মধ্যে প্রথম আক্রমণেই জার্মানদের স্তব্ধ করে গোল করেন শাফার। জার্মান রক্ষণভাগ পুরোপুরি গুছিয়ে ওঠার আগেই বক্সের ভেতর ঢুকে গোল করেন এ মিডফিল্ডার। ৫৮ মিনিটে ইকায় গুন্দোগানের বদলি হয়ে মাঠে নামা গোরেৎজকা শেষ পর্যন্ত বাঁচান জার্মানিকে।

গোলের পর হাঙ্গেরি মিডফিল্ডার শাফারের উল্লাস।
ছবি: রয়টার্স

'এফ' গ্রুপ থেকে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে জার্মানি। গ্রুপে তৃতীয় পর্তুগাল শেষ ষোলোয় বেলজিয়ামের মুখোমুখি হবে।