অঘটন দিয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেও জেতাতে পারলেন না রুনি। ছবি: রয়টার্স
গোল করেও জেতাতে পারলেন না রুনি। ছবি: রয়টার্স

‘ব্যাপ্টিজম উইথ ফায়ার’ বুঝি একেই বলে। ইংলিশ প্রিমিয়ার লিগ কতটা কঠিন, প্রথম ম্যাচেই টের পেয়ে গেলেন লুই ফন গাল। মৌসুমের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। সেটিও নিজেদের মাঠে! আয়াক্সের হয়ে ১৯৯৪-৯৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়, বার্সেলোনার হয়ে টানা দুবার ও বায়ার্ন মিউনিখের হয়ে একবার লিগ শিরোপাজয়ী ডাচ কোচের ‘অগ্নি-অভিষেক’ই হলো ইপিএলে।   

গত মৌসুমে ডেভিড ময়েসের অধীনে ছন্নছাড়া দশা হয়েছিল ‘রেড ডেভিল’দের। লিগে সাত নম্বরে থেকে শেষ করতে হয়েছিল মৌসুম। কমিউনিটি শিল্ড বাদে আসেনি কোনো শিরোপা। ফন গালের অধীনে এবার শুরুটাও হলো বাজে। ২৮ মিনিটেই সোয়ানসিকে এগিয়ে দেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কি সুং-ইয়ং। ৫৩ মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান নতুন অধিনায়ক ওয়েইন রুনি। কিন্তু রেড ডেভিলদের চূড়ান্ত সর্বনাশ করেন জিলফি সিগুরোসন। ৭২ মিনিটে দলকে এগিয়ে নেন এ আইসল্যান্ড মিডফিল্ডার। শেষ দিকে অবশ্য মুহুর্মুহু আক্রমণ চালিয়েও ম্যাচে ফিরতে পারেনি ফন গালের নতুন ছাত্ররা। সূত্র: স্টার স্পোর্টস ও ইএসপিএন।