অঘটনহীন বক্সিং ডে
বড়দিনের রেশ আছে এখনো, আছে নতুন বছরের আগাম উৎসবের আমেজও! অথচ এর মধ্যেও ইংলিশ ফুটবলারদের দম ফেলার ফুরসত নেই। বক্সিং ডেতেই মাঠে নামতে হয়েছে অনেক দলকে। তারপর ৪৮ ঘণ্টা বিশ্রাম নেওয়ারও সময় পাচ্ছে না অনেকে, মাঠে নেমে পড়তে হচ্ছে আজ আবারও। বক্সিং ডেটা অবশ্য পয়মন্তই কেটেছে প্রিমিয়ার লিগের বড় দলগুলোর, জয় পেয়েছে সবাই।
ফন গাল বড়দিনের ছুটি দিয়ে দিয়েছিলেন খেলোয়াড়দের। বিনিময়ে তাঁর খেলোয়াড়েরা ফিরে এসে উপহার দিয়েছেন নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলের জয়। জোড়া গোল করেছেন ওয়েইন রুনি, অন্য গোলটি ফর্মে থাকা স্ট্রাইকার রবিন ফন পার্সির। তবে এই জয়ের পরও শীর্ষে থাকা চেলসির (৪৫) চেয়ে এখনো ১০ পয়েন্ট পেছনে ইউনাইটেড, সিটির চেয়ে ৭।
ইউনাইটেডের মতো নগরপ্রতিদ্বন্দ্বী সিটির জয়টাও ৩-১ গোলের। আরও কাকতালীয় ব্যাপার, দুই দলই ৮৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ৩-০ গোলে। ঠিক ৮৭ মিনিটে গোল হজম করেছে দুই দলই। পরীক্ষিত কোনো স্ট্রাইকারবিহীন সিটির হয়ে গোল করেছেন ফার্নান্দিনহো, ইয়াইয়া তোরে ও ডেভিড সিলভা। সর্বশেষ ৯ ম্যাচেই জয়, বোঝাই যাচ্ছে সিটি দারুণ ফর্মে আছে। আজ বার্নলির সঙ্গে জিতলে নিজেদের টানা জয়ের রেকর্ডও হয়ে যাবে। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য এটাকে খুব একটা বড় করে দেখছেন না, ‘আমি জানতামই না এটা। রেকর্ড নিয়ে আমি ভাবি-টাবি না। আমি শুধু পয়েন্ট পেতে চাই, কারণ এ বছরে শিরোপা লড়াইটা হবে কঠিন।’
আর্সেন ওয়েঙ্গারের ৪০০তম ম্যাচটা একটু হলেই ভুলে যাওয়ার মতো হতে পারত। অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি নষ্ট করার পর লাল কার্ড দেখেন স্ট্রাইকার অলিভিয়ের জিরু। তবে শেষ পর্যন্ত সানচেজ ও টমাস রসিস্কির গোলে কিউপিআরকে ২-১ ব্যবধানে হারাতে পেরেছে আর্সেনাল। রাহিম স্টার্লিংয়ের একমাত্র গোলে বার্নলিকে হারিয়েছে লিভারপুলও। তার আগে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হামের সঙ্গে ২-০ গোলের জয় পেয়েছে চেলসি। এএফপি।