যে সময় হওয়ার কথা, করোনা সে সময় ইউরো হতে দেয়নি। এক বছর পিছিয়ে যখন শেষ পর্যন্ত হতে যাচ্ছে, করোনা তখনো বিদায় নেয়নি পৃথিবী থেকে। তাতে কি! করোনার ভয়ে তো সব বন্ধ করে বসে থাকলে চলবে না। ১১ জুন থেকে তাই মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে জাতীয় দলগুলোর সবচেয়ে মর্যাদার আসর। তবে আনুষ্ঠানিক নামটা থাকছে আগের মতোই—ইউরো ২০২০। আরও একবার ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনায় মেতে ওঠার আগে স্মৃতির ভেলা ভাসিয়ে ফিরে দেখা যাক আগের আসরগুলো—
তাকিস ফাইসাস ও তাঁর বান্ধবী ক্রিস্টিনা ঠিক করেছিলেন, তাঁরা বিয়ে করবেন ২০০৪ সালের ৯ জুলাই। ফাইসাস তখন খেলেন বেনফিকায়, বান্ধবীকে নিয়ে বছরখানেক ধরে লিসবনেই থাকছেন। কিন্তু ভিনদেশে পরিবার-পরিজন ছাড়া বিয়ে করাটা ভালো দেখায় নাকি!
এথেন্স থেকে ১৫ মাইল দক্ষিণে সমুদ্রের পাড়ে ফাইসাস ও ক্রিস্টিনার শহর ভোলিয়াজমেনিতে বিয়ের আয়োজন করা হলো। দুই পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে নিমন্ত্রণ পেলেন ৩০০ অতিথি। বিয়ের কেনাকাটা করতে কনে নিজেই মাসখানেক আগে চলে যান বাড়িতে। শুধু বর আসার অপেক্ষা।
ফাইসাসের আসলে পর্তুগালে তখনো ছোট্ট একটা কাজ বাকি। ওই গ্রীষ্মেই পর্তুগালে হলো ২০০৪ ইউরো। ফাইসাসের দল গ্রিস খেলেছে সেই ইউরোতে। খেলেছেন লেফটব্যাক ফাইসাস নিজেও।
তার আগে বান্ধবী ক্রিস্টিনাকে ফাইসাস বারবার আশ্বস্ত করেছিলেন, ‘কোনো চিন্তা করো না। গ্রুপে তিনটাই তো ম্যাচ। ২০ জুনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরই আমি চলে আসব ভোলিয়াজমেনিতে। তোমাকে সাহায্য করব। বিয়ার, পিৎজা খেতে খেতে বন্ধুদের নিয়ে বাড়িতে বসেই সেমিফাইনাল, ফাইনাল দেখব। তারপর ধুমধাম করে আমাদের বিয়ে হবে।’
কথা রাখতে পারেননি ফাইসাস। ২০ জুনের মধ্যেই যাঁর বাড়ি ফেরার কথা ছিল, তিনি ফিরলেন কিনা ৫ জুলাই! বিয়ার, পিৎজা খেতে খেতে বন্ধুদের নিয়ে বাড়িতে বসে ইউরোর সেমিফাইনাল, ফাইনাল দেখার সুযোগ হয়নি তাঁর। ওই দুটি ম্যাচে যে খেলতে হয়েছে তাঁকেও! বিয়ের কেনাকাটা আর অন্যান্য প্রস্তুতির জন্য চার দিনের বেশি সময় পাওয়া যায়নি। ক্রিস্টিনা অবশ্য এতে একটুও রাগ করেননি।
গ্রিসের হয়ে সেবারের ইউরো ট্রফি নিয়েই যে বাড়ি ফিরেছিলেন ফাইসাস ও তাঁর সতীর্থরা!
পুরো পৃথিবী গ্রিসের কাছে কেন কৃতজ্ঞ? বিশ্বকে তারাই উপহার দিয়েছে গণতন্ত্র আর অলিম্পিক। হ্যাঁ, কম খরচে ঘোরার জন্যও খারাপ না দেশটা। কিন্তু ফুটবল? না। গ্রিসের ফুটবলকে খুব একটা গুরুত্ব দিয়ে কখনোই দেখেনি বিশ্ব। দেখার দরকারও ছিল না আসলে।
সেই গ্রিসই ফুটবল ইতিহাসে বড় টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয় ২০০৪-এর গ্রীষ্মে। একের পর এক বাধা পেরিয়ে গিয়ে ফাইনালে স্বাগতিক পর্তুগালকে হারায় ১-০ গোলে।
কতটা বিস্ময়কর ছিল গ্রিসের ওই ইউরো জয়, সেটা বোঝানোর জন্য একটা তথ্যই যথেষ্ট। বাজিকরেরা ১৫০ ভাগের ১ ভাগ সম্ভাবনা দেখেছিলেন গ্রিসের হাতে ট্রফি দেখার।
দেখার কোনো কারণও ছিল না। এর আগে গ্রিস সর্বশেষ কোনো বড় টুর্নামেন্ট খেলেছিল ১৯৯৪ বিশ্বকাপে, তিন ম্যাচে কোনো গোল করতে পারেনি, জয় তো দূরের কথা। তার আগে খেলেছিল ১৯৮০ সালের ইউরো। কোনো জয় নেই, গোল মোটে একটা।
এমন একটা দল নিয়েই জার্মান কোচ অটো রেহাগেল লিখলেন ইউরোর ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য গ্রিক রূপকথা।
একনজরে ইউরো ২০০৪
স্বাগতিক: পর্তুগাল
ফাইনালের ভেন্যু: দ্য লুজ, লিসবন
চ্যাম্পিয়ন: গ্রিস
রানার্সআপ: পর্তুগাল
সর্বোচ্চ গোলদাতা: ৫ গোল—মিলান বারোস (চেক প্রজাতন্ত্র)
অঘটনের শুরুটা আসলে গ্রুপ পর্বেই। নইলে কে ভেবেছিল, স্পেন, পর্তুগাল, রাশিয়া ও গ্রিসকে নিয়ে গড়া গ্রুপ থেকে ইউরোপের দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও রাশিয়া বাদ পড়ে যাবে! গ্রিসই গ্রুপে ১-১ গোলে রুখে দিয়েছিল স্পেনকে।
শুধু কি স্পেন, দুই পরাশক্তি জার্মানি ও ইতালিকেও বিদায় নিতে হয়েছিল গ্রুপ থেকে। জার্মানি তো গ্রুপে একটা ম্যাচও জিততে পারেনি, গোলশূন্য ড্র করেছিল লাটভিয়ার সঙ্গেও। ইউরোর তখনকার চ্যাম্পিয়ন ফ্রান্স বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে, গ্রিসের কাছেই হেরে।
উদ্বোধনী ম্যাচে গ্রিসের কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু হয়েছিল পর্তুগালের পথচলা। ফাইনালেও আবার মুখোমুখি দুই দল। স্কোরলাইন বদলে ১-০ হয়ে গেল এবার, কিন্তু ম্যাচের ফল বদলাল না।
জয় দিয়ে শুরু, জয় দিয়েই শেষ হয় গ্রিসের।
আরও যত গল্প
১-০
ফ্রান্স, চেক প্রজাতন্ত্র ও পর্তুগাল—নকআউট পর্বের তিনটা ম্যাচেই গ্রিস জিতেছিল ১-০ গোলে। অটো রেহাগেলের অধীনে গ্রিসের কাঠখোট্টা প্রাণহীন, একঘেয়ে খেলা নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু তাতে করে ফাইনাল শেষে এথেন্সের পথে পথে উৎসবে লোকের কমতি পড়েনি।
ওয়েইন রুনির আবির্ভাব
১৮ বছর ২৩৭ দিন বয়সে গোল করে ইউরোর চূড়ান্ত পর্বে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নাম লেখান ইংল্যান্ডের ওয়েইন রুনি। সুইজারল্যান্ডের বিপক্ষে তাঁর ওই গোলের রেকর্ড টিকে ছিল ৪ বছর। সেই ইউরোতে রুনি একাই করেছিলেন ৪ গোল। কাকতালীয়ভাবে পরের ইউরোতে সুইজারল্যান্ডেরই জোহান ভনলানথেন ১৮ বছর ১৪১ দিন বয়সে গোল করে ভেঙে দেন রুনির সেই রেকর্ড।
সেরাদের সেরা
জিনেদিন জিদান, ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস ফিগো, পাভেল নেদভেদ, মাইকেল বালাক, রুদ ফন নিস্টলরয়দের পেছনে ফেলে টুনামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন গ্রিক অধিনায়ক ও সেন্ট্রাল মিডফিল্ডার থিওদোরোস জাগোরাকিস। অবশ্য বিচারকদের এই সিদ্ধান্ত নিয়েও অনেক সমালোচনা হয়েছে, যেমন হয়েছে গ্রিসের খেলার ধরন নিয়ে।