অচেনা ক্যাসিয়াস

তাঁর সেরা সময়টা এখন অতীতের স্মৃতির পাতা, যা শুধু আক্ষেপই বাড়িয়ে দেয়। রিয়াল মাদ্রিদে সর্বশেষ দুই মৌসুমে কিছু অভাবিত ভুল করেছিলেন। রিয়াল ছেড়ে পোর্তোতে যোগ দিয়েও সেটিতে তেমন বদল নেই। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ক্যাসিয়াসের পরিসংখ্যানও সেটিই বলছে। ‘সন্ত ইকার’ চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে মোট ৩টি রক্ষণের ভুল করেছেন, অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
সর্বশেষ ভুলটি করেছেন পরশু ঘরের মাঠে ডায়নামো কিয়েভের বিপক্ষে। ম্যাচের ৬৪ মিনিটে কিয়েভ ফরোয়ার্ড দারলিস গনজালেসের নির্বিষ শট ঠেকাতে পাঞ্চ করেছিলেন ক্যাসিয়াস। কিন্তু বারের ওপর দিয়ে তো গেলই না, উল্টো তাঁর হাতে লেগে বল ঢুকে গেল জালে। শূন্য দৃষ্টিতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এই ক্যাসিয়াসকে যেন অচেনাই ঠেকল।
কদিন আগেই জিয়ানলুইজি বুফন বলেছিলেন, তাঁর দেখা এ সময়ের সেরা গোলরক্ষক ক্যাসিয়াস। নির্দিষ্ট করে বলেছিলেন, ‘ক্যাসিয়াসের হাত সব সময়ই ছিল আস্থার প্রতীক।’ কদিন পর কী করুণ আক্ষেপ হয়েই না এল প্রশংসাবাক্যটি!
এই ম্যাচে ড্র করতে পারলেই শেষ ষোলোতে উঠে যেত পোর্তো। ক্যাসিয়াসের অবিশ্বাস্য ভুলের আগে পেনাল্টি থেকে আরেকটি গোল খেলে পর্তুগিজ ক্লাবটি ম্যাচে হেরে গেছে ২-০ গোলে। গ্রুপের শেষ ম্যাচে চেলসির মাঠে। তাতে জিততে না পারলে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে। গোলডটকম।