অজি, অজি ওলে ওলে...

আগের রাত নয়টায় বিমানবন্দরে পা রেখে পরের রাত ১২টায় আবার তারা ফিরতি বিমান ধরল। সব মিলিয়ে অস্ট্রেলিয়া ফুটবল দলের ২৭ ঘণ্টার অবস্থান। আর তার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর বাংলাদেশ সরকারের কম করে হলেও ২৭ দিন ঘুম নষ্ট হয়েছে।
শেষ পর্যন্ত মধুরেণ সমাপয়েৎ। কোথাও কোনো অসন্তোষের দাগ লেগে নেই। বরং বাংলাদেশের ফুটবলে বেশ ভালো একটা দাগ রেখে গেল সকারুরা। চার দাগ। মাঠে নামার আগে একবারও মাঠের দিকে চোখ পর্যন্ত না বুলিয়ে বাংলাদেশকে এক হালি গোল দিয়ে চলে গেল। তাও আবার শেষ ৪৭ মিনিটে শ্লথ মাঠে প্রতিপক্ষের জালে বল না ঢুকিয়েই। অস্ট্রেলিয়ার কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু খুবই খুশি। সংবাদ সম্মেলনে এসে তাঁর মনে হলো, এই দেশটি খুব ভালো। এই দেশের মানুষ, সরকার খুব বন্ধুভাবাপন্ন। আবার যদি এ দেশে আসেন, বেশি সময় থাকবেন!
ম্যাচ শুরুর আগে হলুদ-সবুজে আবৃত একদল অস্ট্রেলীয় সমর্থক প্রবেশ দুয়ারের সামনে এসে শুরু করে দিল নাচ আর গান—অজি, অজি, ওলে, ওলে...। ওঁদের মধ্যে দু-তিনজনের ঠিকঠাক আনন্দ হচ্ছিল না এতেও। ওঁরা চড়ে বসলেন গেটের ওপর...অজি, অজি, ওলে, ওলে...। একজন মেলবোর্নের পেন, বললেন, ‘আমরা ৫০ জন মতো এসেছি। আরও অনেকে আসত, যদি না নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকত।’ তা নিরাপত্তা নিয়ে কি কোনো শঙ্কা বা ভীতি কাজ করছে না? পেন প্রশ্নটা শুনে আকাশ থেকে পড়লেন, ‘কী যে বলো, আমাদের মধ্যে ওসব ভাবনাই নেই। দেশটি এত ভালো। এ দেশের মানুষও এত ভালো।’ ম্যাচ যখন শুরু হলো, পেনদের দেখা গেল মশাল-সংলগ্ন খালি গ্যালারিতে। কজন ফেন্সিংয়ের ওপর শাখামৃগের মতো বসে খেলা দেখছেন, আর হাতে দোলাচ্ছেন অস্ট্রেলিয়ার পতাকা! এরপর আবার যখন ওঁরা এ দেশে আসবেন, ২৭ ঘণ্টা থাকবেন না। কম করে হলেও চার গুণন সাতাশ—১০৮ ঘণ্টা থাকবেন।
না, বঙ্গবন্ধু স্টেডিয়াম কাল এমন এক ফুটবল ম্যাচের সাক্ষী হলো, যা আগে কখনো দেখেনি। এই ম্যাচের জন্য স্টেডিয়াম-সংলগ্ন রাজপথগুলো অবরুদ্ধ হয়ে পড়েছিল বেলা তিনটা থেকেই। হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছে বাস, গাড়ি, রিকশা আর পথচলতি মানুষ আঠার মতো জমে রইল। সামনে দুই কদম এগোনোর জন্য অন্তহীন সবার প্রতীক্ষা। অনেকেরই মনে হলো নির্ঘাত প্রধানমন্ত্রী এই এলাকায় এসেছেন। উত্তরটা যখন ‘না’ হলো, নতুন প্রশ্ন, তবে কি বারাক ওবামা এসেছেন? মূল কারণটা যখন জানা হলো যে অস্ট্রেলিয়া ফুটবল দল এসেছে, তখন নানা রঙ্গরসিকতা, ‘আরে অস্ট্রেলিয়া তো খেলে ক্রিকেট, ওরা কি ফুটবলও পারে!’
অবাক করা মনে হলেও এটি সত্যি, অস্ট্রেলিয়ার নাম শুনেই অনেকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনে ঢুকে পড়লেন মাঠে। অনেক দিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামকে যে লোকে লোকারণ্য দেখাল, তার পেছনে এটিও একটি কারণ। নিষিদ্ধ জিনিস বা কোনো বাধা মানুষকে আকর্ষণ করে। অস্ট্রেলিয়া নিরাপত্তা নিয়ে এত দিন ধরে গাঁইগুঁই করে এ ম্যাচের আকর্ষণটা বাড়িয়ে দিয়েছিল অবশ্যই। এ জন্য তাদের জন্য আমরা হাজার হাতে তালি দিতে পারি!
আর তালি দিতে পারি সুন্দর ফুটবলের জন্য। সুন্দর ফুটবল তারা উপহার দিয়েছে। আক্রমণাত্মক এবং কুশলী। তাই একপেশে হলেও দর্শকদের খুব একটা দুঃখবোধ নেই। দুঃখ হয়তো একটাই, বাংলাদেশ দল শুরু থেকেই নিজেদের সেধিয়ে রাখল ২৬ গজের মধ্যে। একটুও আক্রমণাত্মক মানসিকতা নেই। ওরা যেন ফুটবল খেলার সার্থকতা খুঁজে পায় রক্ষণে। যে দু-একবার বল অস্ট্রেলিয়ার সীমানায় নিয়ে যাওয়া গেল, তাতেই স্টেডিয়াম ফেটে পড়ল উল্লাসে। তাহলে বুঝুন, যেকোনো খেলার মধ্যেই মানুষ পৌরুষ খোঁজে। দল হারত ঠিক আছে, কিন্তু কেন নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে একটু আক্রমণাত্মক মানসিকতা থাকবে না? কেন মাত্র একজন স্ট্রাইকার নিয়ে খেলতে হবে?
এ কথা আবার বাংলাদেশের কোচ ফাবিও লোপেজকে বলতে যাবেন না, তিনি রেগে অগ্নিশর্মা হয়ে বলে বসবেন, ‘আমাকেই কি ফুটবলের শিক্ষা দেবেন?’
যদিও অস্ট্রেলীয় কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু মনে করেন, বাংলাদেশের মতো ফুটবলের উন্নয়নশীল দেশের আরেকটু আক্রমণাত্মক খেলা উচিত। তাহলেই তারা উন্নয়নের দিশা খুঁজে পাবে।
মাঠে দুটি গোলপোস্ট ছিল, ছিল মাটি আর তার ওপর ঘাস। বাংলাদেশের বিপক্ষে প্রয়োজনীয় এই তিনটি শর্ত পূরণ হলেই অস্ট্রেলিয়া পারে। সেটি তারা দেখিয়ে গেল। ধন্যবাদ অস্ট্রেলিয়া, ধন্যবাদ সকারুরা!