অজুহাত নেই মরিনহো-পেলেগ্রিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টামফোর্ড ব্রিজের গ্যালারিতে ব্র্যাডফোর্ডের লাল-হলুদ জার্সি পরা কজন সমর্থক ছিল? বা ইতিহাদ স্টেডিয়ামে মিডলসবরো আক্রমণে গেলে কতজন চেঁচাচ্ছিল? হাজার খানেকও হবে কি না সন্দেহ। তবে ব্র্যাডফোর্ড-মিডলসবরোর খেলোয়াড়দের কাছে সেটাই ছিল লাখো কণ্ঠের কোরাস। চেলসি ও ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে হারিয়ে দেওয়া, তাও আবার একই দিনে, ইংলিশ লিগের নিচু সারির দুই ক্লাবের মধ্যে পরশু অন্য কোনো শক্তি ভর করেছিল!
ইংল্যান্ডেই এমন অঘটনের রাত আগে এসেছে কিনা সন্দেহ। ২০০৮ সালের পর প্রিমিয়ার লিগের বাইরে কোনো দলের কাছে চেলসি হারেইনি। সেই চেলসিই তৃতীয় বিভাগের ব্র্যাডফোর্ড সিটির কাছেই এফএ কাপের চতুর্থ রাউন্ডে ৪-২ গোলে হেরে গেল। অথচ প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরাই। এমন একটা ম্যাচের পর অজুহাত খোঁজাটা বুদ্ধিমানের কাজ নয়। চেলসি কোচ হোসে মরিনহো অকপটে স্বীকার করলেন, ‘আমি খুবই লজ্জিত। আমার মনে হয় খেলোয়াড়দেরও একই অনুভূতি হওয়া উচিত। এক দিক দিয়ে দেখলে এটাই ফুটবলের সৌন্দর্য, এফএ কাপের মাহাত্ম্য। কিন্তু আগের দিন যে শব্দটা ব্যবহার করেছিলাম সেটা আমি আবারও করতে চাচ্ছি, এটা একটা লজ্জা।’
প্রিমিয়ার লিগ শীর্ষে থাকা চেলসি এই প্রতিযোগিতাকে বেশি হালকাভাবে নিয়েছেন কি না সেই প্রশ্নও উঠেছিল। মরিনহো অবশ্য সেটা স্বীকার করেন না, ‘প্রিমিয়ার লিগ অবশ্যই অগ্রাধিকার পাবে। কিন্তু আমরা পেশাদারভাবে ও গুরুত্বের সঙ্গেই ম্যাচটা নিয়েছিলাম। এফএ কাপকে আমরা অবহেলা করেছি এ কথা বলার উপায় নেই। আমরা হেরেছি, এটাই সত্যি।’ সামনেই লিভারপুলের সঙ্গে লিগ কাপের সেমিফাইনাল, এরপর ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচ। চেলসির এই ধাক্কাটা এর চেয়ে বাজে সময়ে আর আসতে পারত না!
দ্বিতীয় বিভাগের মিডলসবরোর কাছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটির ২-০ গোলের হারটাও কম বিস্ময়কর নয়। সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে অবশ্য অন্যদিক দিয়ে আক্রমণের ঝাপটা সইতে হচ্ছে। গত সপ্তাহে অনুশীলন করতে আরব আমিরাতে উড়ে গিয়েছিলেন আগুয়েরোরা। শুক্রবার সেখান থেকে ফেরার ১৯ ঘণ্টার মধ্যে নামতে হয়েছে মাঠে। খেলোয়াড়েরা কি সে জন্যই খানিকটা ক্লান্ত ছিলেন? পেলেগ্রিনি সেটি মানেননি, ‘আমার এ রকম মনে হয় না। আপনি এ রকম মনে করতেই পারেন। আমরা কিন্তু গোল করার ছয় থেকে সাতটা সুযোগ পেয়েছিলাম।’ এএফপি।