অটুট থাকবে গার্দিওলার রেকর্ড?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলেই দুজন ‘আগামী দিনের মেসি’ আছেন। কিন্তু ম্যানচেস্টার সিটির দুর্ভাগ্য, তাদের ‘মেসি’ এ ম্যাচটা খেলতে পারবেন না। চোট মৌসুমটাই শেষ করে দিয়েছে গ্যাব্রিয়েল জেসুসের। অন্যদিকে মোনাকোতে যাকে ‘মেসি’ বলা হয়, সেই বার্নার্ডো সিলভা আজ শুধু খেলবেনই না, আছেন দারুণ ফর্মেও। ইতিহাদ স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই দুজনের থাকা না-থাকাই কি ব্যবধান গড়ে দেবে?
জেসুসকে ‘আগামী দিনের মেসি’ আসলে সিটির কেউ বলেনি। তুলনাটা করেছেন জেসুসেরই দেশের কিংবদন্তি রোনালদিনহো। অন্যদিকে বেনফিকা থেকে ২০১৫ সালে মোনাকোতে যোগ দেওয়ার পর সিলভাকে ‘মেসিজিনহো’ (ছোট মেসি) নাম দেন ক্লাব-সতীর্থ জোয়াও মুতিনহো। দুর্দান্ত ড্রিবলিং দেখে কিছুদিন পর দলের অন্যরাও তাঁকে এ নামেই ডাকতে শুরু করেন। সাবেকি ঘরানার এ প্লে-মেকার মোনাকোর হয়ে ফরাসি লিগে এ মৌসুমে ২৫ ম্যাচে ছয়টি গোল করেছেন, করিয়েছেন আরও পাঁচটি। লিগে মোনাকো সর্বশেষ ম্যাচটা ১-১ ড্র করেছে বাস্তিয়ার সঙ্গে, সেখানেও একমাত্র গোলটা সিলভার। লিগ ওয়ানের শীর্ষ দল মোনাকো চাইবে আজও যাতে ছন্দে থাকেন পর্তুগিজ এই প্লে-মেকার।
জেসুস নেই, তার ওপর চোটের কারণে ভিনসেন্ট কোম্পানিও এ ম্যাচে অনিশ্চিত। এই দুশ্চিন্তার মাঝে সিটি কোচ পেপ গার্দিওলাকে আশার আলো দেখাচ্ছেন ডেভিড সিলভা। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের পর স্প্যানিশ এই মিডফিল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গার্দিওলা। ওদিকে মাঝে কিছুদিনের জন্য জেসুসের কাছে জায়গা হারানো সার্জিও আগুয়েরো আবার সুযোগ পাচ্ছেন নতুন করে নিজেকে প্রমাণের। পাশাপাশি কেভিন ডি ব্রুইন আর রাহিম স্টার্লিংরা জ্বলে উঠতে পারলে ইংল্যান্ড থেকে হাসিমুখে ফিরে যাওয়া কঠিন হয়ে যাবে মোনাকোর জন্য।
যেকোনো টুর্নামেন্টেই দুই দলের এটা প্রথম দেখা। সব ধরনের টুর্নামেন্টে সর্বশেষ পাঁচ ম্যাচে দুই দলেরই চারটি করে জয়, একটি করে ড্র। ফর্ম বিচার করে তাই কোনো দলকে এগিয়ে রাখা কঠিন। তবে ফরাসি লিগে খেললেও চ্যাম্পিয়নস লিগের অভিজ্ঞতা কিন্তু সিটির চেয়ে মোনাকোর ঢের বেশি। সিটি সর্বোচ্চ সেমিফাইনালে খেলেছে, সেটাও মাত্র গত মৌসুমেই। এর আগে কখনো শেষ ষোলোই পেরোতে পারেনি। মোনাকো ২০০৩-০৪ মৌসুমেই ফাইনাল খেলে হেরেছে পোর্তোর কাছে। এর বাইরেও সেমিফাইনাল খেলেছে আরও দুবার। অবশ্য সিটির এই অনভিজ্ঞতা পুষিয়ে দিতে গার্দিওলা আছেন, কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে আগের সাত মৌসুমে কখনো যিনি শেষ ষোলো থেকে বিদায় নেননি। রেকর্ডটা কি অটুট থাকবে?
বেয়ার লেভারকুসেন আর অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে রাতের অন্য ম্যাচটা উত্তাপ ছড়াবে অন্য একটা কারণে। ২০১৪-১৫ মৌসুমেও এই শেষ ষোলোতেই মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো-লেভারকুসেন। দুই লেগ মিলিয়ে ১-১ সমতার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতেছিল অ্যাটলেটিকো। লেভারকুসেনের জন্য এটা তাই প্রতিশোধের ম্যাচও। রয়টার্স, গোলডটকম।