অতঃপর ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ ব্ল্যাটারের সঙ্গে সম্পর্কটা অনেক আগে থেকেই আদায় কাঁচকলায়। মিশেল প্লাতিনির প্রতিও বিষোদগার করেছেন বহুবার। ব্ল্যাটার ও প্লাতিনি যখন ফেঁসে যাচ্ছেন, ডিয়েগো ম্যারাডোনা কি চুপ থাকতে পারেন? পুরোনো ঝালটা আবার ঝেড়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।
প্লাতিনি সভাপতির পদে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরেই ম্যারাডোনা মুখ খুলেছিলেন। তাঁর কথা, প্লাতিনি সভাপতি হলে পরিস্থিতির কোনো পরিবর্তনই হবে না, বরং সেটা হবে মুদ্রার একই পিঠ, ‘আমি আগেই বলেছিলাম ব্ল্যাটারের মতো দুর্নীতিপরায়ণ কাউকে আনলে পরিস্থিতি এ রকমই হবে। অনেকেরই মনে থাকার কথা, আগের নির্বাচনের সময় প্লাতিনি বলেছিলেন, ফিফায় আসার ইচ্ছা নেই তাঁর। ভোটটাও প্রিন্স আলীকে দেবেন। সে তো একটা মিথ্যাবাদী। ফিফার আরও কর্মকর্তাদের জেলে যাওয়া উচিত।’
ম্যারাডোনা বলেছিলেন, প্লাতিনি ব্ল্যাটারের কাছ থেকে শুধু চুরিটাই শিখেছেন। কথাটার পুনরাবৃত্তি করলেন এদিনও, ‘এখন সুইস তদন্তকারীরা তাঁর (ব্ল্যাটারের) বিরুদ্ধে তদন্ত করছে। ব্ল্যাটারই সবকিছু প্লাতিনিকে শিখিয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত কথাটা আমি বলে যাব।’
ম্যারাডোনা আগে থেকেই জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনের সমর্থক। ফিফা সভাপতি পদে নির্বাচনে প্রিন্স আলীর পাশেই আছেন তিনি, ‘আমি প্রিন্স আলী বিন আল হুসেইনের পাশেই আছি, ফিফায় স্বচ্ছতা আনার জন্য তার মতো কাউকেই দরকার।’ আইএএনএস।