অতি উৎসাহী ইংলিশ মিডিয়াকে চিনে ফেলেছেন ক্লপ

মাত্র ৫ ম্যাচেই শিরোপার স্বপ্ন দেখে ফেলাটা একটু বাড়াবাড়ি। তবে লিভারপুল এখন যেমন খেলছে, তাতে সেই প্রসঙ্গও চলে এল আগেভাগেই। ইয়ুর্গেন ক্লপ অবশ্য সেই ভাবনাটা একপাশেই সরিয়ে রাখলেন। লিভারপুল কোচ আপাতত চেলসির সঙ্গে জয়টাই উপভোগ করতে চান।
আর্সেনালকে দিয়ে শুরু, এরপর লেস্টার সিটির কাল আরেক বড় বাধা চেলসির সঙ্গে জয়। চেলসির মাঠে গিয়ে ২-১ গোলে হারিয়ে আসা। দল খেলেছেও দুর্দান্ত। প্রথমার্ধেই দুই গোল দিয়ে জয়টা নিশ্চিত করে ফেলেছিল একরকম। লিভারপুলের নতুন মৌসুমটা স্বপ্নের মতোই কাটছে, কেবল এগিয়ে থেকেও টটেনহামের সঙ্গে ড্র আর বার্নলির কাছে অপ্রত্যাশিত হারটাই যা একটু কালো দাগ হয়ে আছে।
বিশেষ করে কাল রাতে যেভাবে চেলসিকে হারাল, বলাবলি হচ্ছে, লিভারপুল এবার শিরোপার অন্যতম দাবিদার। এবার অনেক দিনের শিরোপা-খরা ঘুচবে কি না, সংবাদ সম্মেলনে সেটি ক্লপকে মনেও করিয়ে দেওয়া হলো। লিভারপুল কোচ অবশ্য সেই ‘ফাঁদে’ পা দিলেন না, ‘আমি আসলে এটা নিয়ে কথা বলতে চাই না। কেউ কেউ আমাকে মনে করিয়ে দিয়েছে গতবারও আমরা চেলসিকে ৩-১ গোলে হারিয়েছি। সেটা আমার ভোলার কোনো কারণই নেই।’
ইংলিশ প্রচারমাধ্যমকে একটু খোঁচাও দিলেন, ‘ইংলিশ প্রচারমাধ্যম কেমন, সেটা এখন আমি জানি। আমরা ১০ পয়েন্ট পেয়েছি, এটাই আমার কাছে অনেক কিছু। সবচেয়ে বড় কথা, কঠিন একটা সূচি আমরা পার করেছি।’ মাত্রই লিগ শুরু। এখনই লিভারপুলকে অতি উৎসাহী মিডিয়া ফেবারিট বানিয়ে দিচ্ছে। কয়েক ম্যাচে পা হড়কালে এরাই যে আবার ছুঁলে দেবে, ক্লপ কি তা আর জানেন না!
অবশ্য একটা কথা সত্যি। লিগের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই সব বড় বড় বাধার মুখে পড়েছিল লিভাপুল। আর্সেনাল, টটেনহাম, লেস্টার, চেলসি। এই চার ম্যাচেই ১০ পয়েন্ট তুলে নিতে পেরেছে লিভারপুল। এই স্বস্তিটা ক্লপের পাওনাই।
কাল লিভারপুলের জয়টা অবশ্য প্রথমার্ধেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। দেয়ান লভরেনের ভলির পর ২৫ গজ দূর থেকে জর্ডান হেন্ডারসনের দুর্দান্ত গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে ডিয়েগো কস্তার গোলে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা আর ফেরাতে পারেনি চেলসি। আন্তোনিও কন্তেকেও প্রথমবারের মতো নিতে হয়েছে পরাজয়ের স্বাদ।
এমন অভিজ্ঞতা অবশ্য কন্তের প্রায় তিন বছর পর হলো। সেই ২০১৩ সালে জুভেন্টাসের হয়ে সর্বশেষ লিগে কোনো ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছিলেন কন্তে। তবে ইতালিয়ান কোচ সতর্ক করে দিচ্ছেন, গত মৌসুমের সেই বিপর্যয় যেন ফিরে না আসে, ‘আমি কোনোভাবেই গতবারের পুনরাবৃত্তি চাই না। আমাদের প্রতিটা মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হবে। কিন্তু আজ আমরা সেটি করতে পারিনি।’ এএফপি।