অতীত উসকে দেয় যে ম্যাচ
গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্সে এসে ব্রাদার্স-আরামবাগ ম্যাচের খেলোয়াড় তালিকা খুঁজছিলেন শন লেন।
ফেরার সময় মোহামেডান কোচকে প্রশ্ন, ‘কাল তো আবাহনীর সঙ্গে আপনাদের ম্যাচ। বাড়তি কোনো চাপ অনুভব করছেন?’ সাদাকালোদের ব্রিটিশ বংশদ্ভূত অস্ট্রেলিয়ান কোচের উত্তর, ‘না, না। সামনে আবাহনী বলে বাড়তি কোনো চাপ নেই। এটা আর দশটা ম্যাচের মতোই।’
সত্যিই কি তাই? নাকি আরও কিছু! আবাহনী-মোহামেডানের সত্তর, আশি বা নব্বই দশকের সেই আগুনঝরা লড়াই দেখেননি এই বিদেশিরা। তাই কীভাবে বুঝবেন এই ম্যাচের আগে অতীতে দুই ভাগে ভাগ হয়ে যেত দেশ!
সকাল থেকে স্টেডিয়ামপাড়ায় লম্বা লাইন পড়ত!
কিন্তু দিন বদলেছে। সবচেয়ে বড় কথা, মানুষ ভুলতেই বসেছে এই ম্যাচের সেই আগুন–গরম উত্তাপের কথা।
ফেডারেশন কাপের সূচির ওপর চোখ বোলালে হয়তো চোখে পড়বে ২৪ ডিসেম্বর আবাহনী-মোহামেডান ম্যাচ সন্ধ্যা সোয়া সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। অতীতে এই দুই দল মুখোমুখি হতো টুর্নামেন্টের ফাইনাল বা সেমিফাইনালে।
দিন কতটা পাল্টে গেছে যে ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল দুটি কিনা এবার মুখোমুখি হচ্ছে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই!
কাগজের শক্তিতে আবাহনী বেশ এগিয়ে। মোহামেডানের সামর্থ্য সীমিত। এরপরও মোহামেডানের অধিনায়ক উরু নাগাতা তাঁর দলকে পিছিয়ে রাখছেন না।
গতকাল বিকেলে মতিঝিল মোহামেডান ক্লাব টেন্টে বসে জাপানি মিডফিল্ডার ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, ‘আবাহনীকে হারাতেই আমরা নামব। সেই সামর্থ্য অবশ্যই আমাদের আছে।’
গত দুই মৌসুম সাদাকালোয় কাটানোর সুবাদে আবাহনীর বিপক্ষে আগেও খেলেছেন নাগাতা। তবু এই ম্যাচ নিয়ে কোনো স্নায়ুচাপ নেই তাঁর।
কোচ শন লেনের মতোই বললেন, ‘চাপ নেই। তবে ম্যাচটার মর্যাদা আমি জানি।’ ঢাকায় নানাজনের মুখে আবাহনী-মোহামেডান ম্যাচের টুকরো টুকরো ঘটনা শুনে বিস্মিত ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
এতটাই যে জাপানে কাশিমা বনাম ইয়োকোহামার মধ্যে টোকিও ডার্বির চেয়েও আবাহনী-মোহামেডানের গল্পগুলো তাঁকে বেশি টানে, ‘কাশিমা আর ইয়োকোহামা ডার্বি আমি দেখেছি দর্শক হিসেবে। আবাহনী-মোহামেডান ঢাকা ডার্বি খেলেছি। এই ম্যাচটি আমার কাছে টোকিও ডার্বির চেয়েও বড় লাগে।’
দুই দলের লড়াইটা অতীত স্মৃতি উসকে দেয়। সাদামাটা দল নিয়েও আবাহনীকে গত বছর ১৬ জুলাই লিগে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল মোহামেডান, সে ম্যাচে খেলেন নাগাতা। দীর্ঘ ৪৪ বছর পর এত বড় ব্যবধানে সেদিন আবাহনী উড়ে যায় চির শত্রুর সামনে।
ম্যাচটির দুস্মৃতি ভুলে ফিরে আসে আবাহনী। কোচ মারিও লেমোস শিষ্যদের বলেছিলেন, ‘তোমাদের শরীরে কি রক্ত নেই? মোহামেডানের কাছে এভাবে হারলে!’
সর্বশেষ পরিত্যক্ত লিগে গত ৪ মার্চ মোহামেডানকে ৪-০ গোলে উড়িয়ে কোচকে জবাব দেন নাবিব নেওয়াজরা। আকাশি নীলের অধিনায়ক নাবিব বলছিলেন, ‘আমরা উপযুক্ত প্রতিশোধই নিয়েছিলাম সেদিন।’
আবাহনী-মোহামেডান ম্যাচে কে এগিয়ে বা পিছিয়ে, এসব মাঠে কাজে আসে না। নির্দিষ্ট দিনে ভালো খেলা দলই জেতে। নাবিবও সেটা জানেন, ‘কাগজ-কলমে আমরা শক্তিশালী এ কথা বলে লাভ নেই। মাঠে নেমে প্রমাণ করতে হবে। মোহামেডানের বিপক্ষে খেলাটা এখনো একটু অন্য রকম লাগে।’
আজ আবাহনীর জার্সিতে অভিষেক হচ্ছে ব্রাজিলের স্ট্রাইকার তোরেসের। তাঁর স্বদেশি মিডফিল্ডার রাফায়েল এখনো আসেননি। তাতে কী, আবাহনী কোচ জয়টাকেই করেছেন পাখির চোখ। সর্বশেষ আবাহনীর কাছে ৪-০ গোলে হারের বদলা নিতে উদগ্রীব মোহামেডানও।
সব ছাপিয়ে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন ফিরে আসছে অতীত লড়াইয়ের আগুন।