অতীত ও বর্তমানের মাঝখানে ক্লপ
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয়ের স্বাদটা এখন খুব চেনা। ঘরোয়া বা ইউরোপিয়ান প্রতিযোগিতায় স্বপ্নভঙ্গ নিয়মিত ব্যাপারই। তারপরও পরশু ইউরোপা লিগ থেকেও বিদায় ইউনাইটেডের জন্য বড় হতাশার। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এই প্রথম যে লিভারপুলের কাছে হেরে তাদের বিদায় নিতে হলো!
পরশু অবশ্য ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে। কিন্তু আগের লেগটা ২-০ গোলে জেতায় লিভারপুলই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, যেখানে প্রতিদ্বন্দ্বী তাদের কোচ ইয়ুর্গেন ক্লপের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এদিন ইউনাইটেড শুরু থেকেই গোলের চেষ্টা করে গেছে। ৩২ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের পেনাল্টি আশাও দেখাচ্ছিল ইউনাইটেডকে। কিন্তু বিরতির ঠিক আগে অসাধারণ এক চিপে ফিলিপ কুতিনহোর গোলই স্বাগতিকদের সব আশা শেষ করে দিয়েছে।
ইউনাইটেড কোচ লুই ফন গাল অবশ্য এই হার থেকেও প্রেরণা খুঁজছেন, ‘আমি রাগিনি, হতাশও নই। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। তারা নিজেদের সবকিছু দিয়েই চেষ্টা করেছে। লিভারপুল ওদের মাঠে যেমন খেলেছিল, আমরাও আজ তেমন খেলার চেষ্টা করেছি। ওদের অ্যাওয়ে গোলটিই ব্যবধান গড়ে দিয়েছে।’
ফন গালকে এখন হার নিয়ে পড়ে থাকলে চলবে না। আগামীকালই ইংলিশ লিগে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি, ওই ম্যাচে হারলেই শীর্ষ চারে থাকার আশাও প্রায় শেষ হয়ে যাবে।
তবে দর্শক-সহিংসতা ম্যাচে রেখে গেছে একটি কালো দাগ। ম্যাচ শেষে গ্যালারিতেই সংঘর্ষে জড়িয়েছেন দুই দলের সমর্থকেরা। লিভারপুলের তিনজন ও ইউনাইটেডের একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এএফপি, ইএসপিএন।