অতীত নিয়ে পড়ে নেই কিয়েলিনি

জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাওয়ার পরেই সামনে চলে এসেছে প্রসঙ্গটা, তাহলে প্যাট্রিস এভরা ও জর্জো কিয়েলিনির সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে লুইস সুয়ারেজের! এভরাকে প্রিমিয়ার লিগে বর্ণবাদী গালি দেওয়ার জন্য নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ। পরশু এভরা জানিয়েছেন, ওই ব্যাপারটা আর মনে রাখবেন না। কিন্তু কিয়েলিনি? বিশ্বকাপে সুয়ারেজের কামড়ের দাগটা হয়তো মিলিয়ে গেছে, স্মৃতিটা তো এত দ্রুতই মুছে যেতে পারে না। তবে জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার বলছেন ব্যাপারটা তিনি পেছনেই ফেলে এসেছেন। ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
তুত্তো স্পোর্তকে কিয়েলিনি বললেন, ‘আমি সুয়ারেজকে একজন স্ট্রাইকার হিসেবেই সামলাব, এর বেশি কিছু নয়। রোনালদো, বেল, বেনজেমা বা চিচারিতোর মুখোমুখি হয়েছি যেভাবে, ও রকমই! ’ বিশ্বকাপের ওই ঘটনার বরং উলটো পিঠ দেখতে পাচ্ছেন এই ডিফেন্ডার, ‘গ্রীষ্মে এ রকম কিছু দুজনকেই আরও পরিণত হতে সাহায্য করেছে। আমার তো মনে হয়, ওরও চ্যাম্পিয়নস লিগ জেতা ছাড়া আর কোনো ইচ্ছা নেই।’
সাবেক জুভেন্টাস ও উরুগুয়ে ডিফেন্ডার পাওলো মনতেরো বরং অন্যরকম একটা সম্ভাবনা দেখছেন, ‘সুয়ারেজ এভরা ও কিয়েলিনির সঙ্গে আবার খেলার জন্য মুখিয়েই আছে। সে যেভাবে খেলছে, তাতে এভরা-কিয়েলিনির দুশ্চিন্তা করার অনেক কারণ আছে।’ গোলডটকম।