অথচ আজ তাঁর দাম ৭০০ কোটি...

সফলতার মুহূর্তগুলোয় কেন যেন ফেলে আসা কঠিন শৈশবের কথা খুব করে মনে হয়। অতীতের নস্টালজিয়া যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আনন্দময়-সাফল্যমণ্ডিত বর্তমানের সঙ্গে কষ্টকর-সংগ্রামমুখর অতীতের কথা। ইংলিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া অ্যাঙ্গেল ডি মারিয়াও এখন বারবারই ফিরে যাচ্ছেন তাঁর ছেলেবেলার দিনগুলোয়। যখন দুবেলা খাবারের সংস্থান করতে গিয়ে হাড়ভাঙা পরিশ্রম করতে হতো তাঁর বাবা মিগুয়েলকে। কয়লা খনির অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে মা ডায়ানা দেখতে চাইতেন সন্তানের মুখে হাসি। আজ ৬০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি টাকারও বেশি) খেলোয়াড় হয়ে ডি মারিয়া যদি সেই দিনগুলোর কথা মনে না করেন, তাহলে তো তাঁকে অকৃতজ্ঞ বলতেই হবে।
ডি মারিয়া অকৃতজ্ঞ নন। ছেলেবেলার স্মৃতি যেন তাঁর আশৈশবের লালিত ভালোবাসা। পশ্চিম আর্জেন্টিনার পার্দিয়েল শহরে জন্ম নেওয়া ডি মারিয়া যে বড় হয়ে ফুটবলের জীবনেই পা রাখবেন, সেটা বোঝা গিয়েছিল খুব ছোটবেলাতেই। ছেলের প্রতিভার ব্যাপারটি জানতে পেরে বাবা মিগুয়েল তাই ছেলেকে উত্সাহ দিয়ে গেছেন ফুটবলে। মা ডায়ানাও তীব্র শীতের সকালে অসহনীয় শারীরিক কষ্ট সহ্য করে ছেলেকে হাসিমুখে নিয়ে গেছেন ফুটবলের অনুশীলনে। আজ মারিয়ার ভাবতে ভালো লাগে ছোটবেলায় দেখা মা-বাবার কষ্ট তিনি ফুটবল দিয়েই দূর করে দিয়েছেন। ফুটবলই তাঁর ও তাঁদের পরিবারের জীবনাচারে এনে দিয়েছে একরাশ সুখ ও স্বাচ্ছন্দ্য।
আর্জেন্টিনার অনেক শিশুর মতোই ছেলেবেলাটা কষ্টেই কেটেছে ডি মারিয়ার। তবে তাদের গরিবি জীবনাচারেও ছিল সুখের ছোঁয়া। পার্দিয়ালে ছোট্ট একটি বাড়িতে থাকতেন তাঁরা। বাড়ির সামনে ছিল একটি মোটামুটি গভীর কুয়া। বয়স যখন তাঁর বছরও ঘোরেনি, তখন একবার সেই কুয়াতে কীভাবে যেন পড়ে গিয়েছিলেন ডি মারিয়া। পুরোপুরি মনে নেই, মায়ের মুখে শোনা সেই বিভীষিকাময় ঘটনা আজও নাকি তাঁকে আতঙ্কিত করে তোলে। তিনি নিজের মুখেই বলেছেন, সেদিন খুব দ্রুত আমাকে উদ্ধার করা না হলে হয়তো আমি থাকতাম অন্য কোনো জগতে।
আগেই তো বলা হয়েছে ছেলেবেলা থেকেই ফুটবল-প্রতিভার স্ফুরণে চারদিক আলোকিত করেছিলেন ডি মারিয়া। ছয়-সাত বছর বয়সেই করে ফেলেছিলেন জীবনের প্রথম ‘দল বদল’। তবে সেদিন ট্রান্সফার ফি হিসেবে পেয়েছিলেন ৩৫টি ফুটবল। সে স্মৃতি আজও আনন্দে ভাসায় ডি মারিয়াকে, ‘পার্দিয়ালের স্থানীয় ক্লাব থেকে আমাকে দল বদল করে গিয়েছিলাম রোজারিওতে। মনে আছে পার্দিয়াল থেকে আমাকে দলে নিতে রীতিমতো দর-কষাকষিতে নেমেছিলেন রোজারিওর লোকজন। শেষে রফা হয় ৩৫ খানা ফুটবলে। ফুটবলটা খুব ভালো খেলতাম। কিন্তু অন্য কিছু সে সময় মাথায় ছিল না।’
মাথা একেবারেই খালি ছিল ডি মারিয়ার। মানে পড়াশোনার বিষয়ে। লেখাপড়া একেবারেই মাথায় ঢুকত না তাঁর। পড়তে বসতেই ভালো লাগতো না। সারাক্ষণ স্বপ্ন দেখতেন ফুটবলের। ফুটবল মাঠের। পড়তে বসতেই বিরাট বিরাট হাই উঠতো। অথচ, অনায়াসেই নাওয়া-খাওয়া ভুলে ঘণ্টার পর ঘণ্টা, এমনকি সারাটা দিন কাটিয়ে দিতে পারতেন মাঠে।
মা-বাবা দুজনেই কাজ করতেন কয়লা খনিতে। ডি মারিয়ার কৃতজ্ঞ এই দুজনের প্রতিই, ‘বাবা খুব সামান্য টাকা বেতন পেতেন। সেই টাকা থেকেই তিনি আমাকে বেশ দামি এক জোড়া বুট কিনে দিয়েছিলেন। মা আমাকে অনেক কষ্ট করেই অনুশীলনে নিয়ে যেতেন। আমি সেই দিনগুলোর কথা কখনোই ভুলতে পারি না, কোনো দিন পারবও না। মা ছোটবেলায় আমার খেলা থাকলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতেন। আজও তিনি একইভাবে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় বসেন। তাঁদের শুভকামনা ও আন্তরিক প্রার্থনাতেই বোধ হয় আজ আমি এই পর্যায়ে।’
ইউরোপীয় ফুটবলে বেনফিকায় নাম লেখানোর পর বাড়ি ফিরে বাবাকে অনুরোধ করেছিলেন বুড়ো বয়সে আর কাজ না করতে। ডি মারিয়া বলেন, ‘বাবা আমার কথা শুনেছিলেন। সেদিন যে তৃপ্তিটা পেয়েছিলাম, সেটা সত্যিই অন্য রকম। আমি জানি লেখাপড়ায় যেমন ছিলাম, ফুটবলার না হলে হয়তো খনির চাকরিটাই করতাম। ছোটবেলা থেকে দেখে আসতে আসতে ফুটবলের পর ওটাই ছিল আমার কাছে সবচেয়ে সোজা কাজ।’ সূত্র: দ্য টেলিগ্রাফ