অথচ তাঁর মূল্য বোঝেনি পিএসজি
ফুটবল জগতে আধিপত্য বিস্তারের জন্য পিএসজি কত কিছুই না করছে।
এন্তার টাকাপয়সা ঢালছে। দলের প্রয়োজনে যাকে দরকার, তাকেই নিয়ে আসছে, দামের তোয়াক্কা না করে। পিএসজির এই প্রকল্পে একে একে এসেছেন বিশ্বমানের সব খেলোয়াড়- নেইমার, এমবাপ্পে, নাভাস, থিয়াগো সিলভা, মার্কিনহোস, কাভানি সহ আরও অনেকে। লক্ষ্য একটাই, যত তাড়াতাড়ি সম্ভব, সাফল্য ছুঁতে হবে।
ঘরোয়া প্রতিযোগিতার ক্ষেত্রে সে লক্ষ্যে পিএসজি দুর্দান্তভাবে সফল। কিন্তু ফুটবল জগতে আধিপত্য বিস্তার করার জন্য ঘরোয়া প্রতিযোগিতায় সফল হওয়াই যথেষ্ট নয়। দাপট দেখাতে হয় ইউরোপেও।
ইউরোপ-সেরা হওয়ার সবচেয়ে বড় সুযোগটা পিএসজি পেয়েছিল গত রাতে। কিন্তু যার জন্য শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হলো, পিএসজির উচ্চাভিলাষী প্রকল্পের বলি হয়ে তাঁকেই ক্লাব ছাড়তে হয়েছিল কয়েক বছর আগে!
গত রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পর্তুগালের এস্তাদিও দা লুজে ১-০ গোলে হেরে বসেছে পিএসজি। বায়ার্নের হয়ে গোল করেছেন ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। অথচ, তারকা কেনার মোহে অন্ধ না হয়ে পিএসজি যদি কোমানের মূল্য বুঝত, তাহলে গত রাতের ফলাফল হয়তো ভিন্নও হতে পারত।
২০১৪ সাল চলছে তখন। পিএসজি প্রকল্পের চতুর্থ বছর। দলে তত দিনে আছেন ইব্রাহিমোভিচ, সিলভা, কাবায়ে, মার্কিনহোস, লুকাস মউরা, লাভেজ্জি, সিরিগু, ভেরাত্তি, কাভানি ও মাতুইদির মতো বেশ কিছু তারকা। এত তারকার ভিড়ে এক রকম ব্রাত্য হয়ে পড়লেন মাত্র দশ বছর বয়সে হাজারো স্বপ্ন চোখে নিয়ে পিএসজির একাডেমিতে যোগ দেওয়া কোমান। যে কোমান মাত্র ১৬ বছর বয়সে মাঠে নেমে পিএসজির সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের খেতাব পেয়েছিলেন ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। নিয়মিত সুযোগ না পেয়ে সিদ্ধান্ত নিলেন, যথেষ্ট হয়েছে। নিজের উন্নতির জন্য হলেও ক্লাব ছাড়া উচিত। পিএসজিও প্রতিভার গুরুত্ব দিল না, দিল না চুক্তি বৃদ্ধির প্রস্তাব। অনেকটা আড়ালে থেকে বিনা মূল্যে কোমান যোগ দিলেন জুভেন্টাসে। সেখান থেকে এক বছর পরেই কোমানের ঠাঁই হলো বায়ার্নে। আরিয়ান রোবেন-ফ্রাঙ্ক রিবেরির মতো কুশলী উইঙ্গারদের উত্তরসূরি বানানোর জন্য কোমানের প্রতি ভরসা রাখল জার্মান পরাশক্তিরা।
ভুল মানুষের ওপর বায়ার্ন যে ভরসা রাখেনি, সেটা বোঝা গেল গতকাল। ইভান পেরিসিচের জন্য কোয়ার্টার ও সেমিফাইনালে সুযোগ না পেলেও, কোচ হান্সি ফ্লিক ফাইনালের জন্য বেছে নিলেন কোমানকে। কোমানও জানিয়ে দিলেন, উপযুক্ত লোকের ওপরেই ভরসা রেখেছেন কোচ। ফাইনালে পিএসজিকে দেখে কোমানের মনেও কি একটু দেখিয়ে দেওয়ার ইচ্ছে হয়নি? না হওয়াটাই আশ্চর্যের হবে।
সে ‘দেখিয়ে দেওয়া’র জন্যই পিএসজির ইউরোপসেরা হওয়া হলো না!