অথচ তারা বেতনই পায় না!

সিনেমার গল্পেই এমন দৃশ্যের দেখা মেলে। সংকটময় মুহূর্ত পেরিয়ে বিরুদ্ধস্রোত সাঁতরে পার হন নায়ক। কেন হলিউডের সিনডেরেলা ম্যান ছবির কথা মনে নেই? কপর্দকশূন্য রাসেল ক্রো কীভাবে পাড়ি দিয়েছিলেন কঠিন সময়! বলবেন, সিনেমা তো সিনেমাই! কিন্তু বাস্তব জীবনেও তো অনেক ঘটনা সিনেমাকেও হার মানায়। যেমনটা গত রাতে ঘটাল পারমা।
সিরি ‘আ’ পয়েন্ট টেবিলে জুভেন্টাসের অবস্থান শীর্ষে আর সবার শেষে পারমা। এমন দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে জিততে পারে? ভীষণ আশাবাদী পারমা সমর্থকও রায় দেবে জুভেন্টাসের পক্ষেই। সেটাই স্বাভাবিক। যে দলটি টানা চতুর্থ শিরোপা জয় থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে, তাদের হারাবে একেবারে তলানিতে থাকা পারমা! যারা কিনা এর আগে পুরো মৌসুমেই জিতেছিল মাত্র চারটি ম্যাচ।
কিন্তু খেলার পৃথিবী কখনো কখনো কল্পকাহিনিকেও হার মানায়। হয়েছেও তা-ই। চলতি মৌসুমের ইতালীয় লিগের পড়ন্ত বেলায় দুরন্ত জুভেন্টাসকে ‘ধাক্কা’ই দিল পারমা! অবশ্য এ হারে জুভেন্টাসের খুব একটা ক্ষতি হবে না। কিন্তু হারতে ভুলে বসা জুভেন্টাসের ‘মানসম্মানে’ লাগবে না? সর্বশেষ লিগে তারা হেরেছিল গত ২৯ অক্টোবর জেনোয়ার বিপক্ষে। লিগে টানা ২০ ম্যাচে ছিল অপরাজিত তারা।
গত রাতে হোসে মাউরির গোল জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে চমকেই দিয়েছে পারমা। চমকটা আরও বাড়বে, যখন জানবেন এ দলটা কী পরিমাণ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পারমার এখন ‘নুন আনতে পান্তা ফুরোয়’ অবস্থা। তীব্র আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের ঠিকমতো বেতনই দিতে পারে না ক্লাব কর্তৃপক্ষ। এ কারণে ‘শাস্তি’ হিসেবে গত ডিসেম্বরে ক্লাবের তিন পয়েন্ট কেটে নিয়েছিল ইতালি ফুটবল ফেডারেশন। তা-ই নয়, পাঁচ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল ক্লাব সভাপতি ও পরিচালককে।
বর্তমান পেশাদার ফুটবল মানেই অর্থের ছাড়াছাড়ি। অর্থ ছাড়া সাফল্য অসম্ভব, এমন ধারণাই যেখানে পোক্ত। সেখান পারমা ঘুরপাক খাচ্ছে আর্থিক সমস্যার ঘূর্ণাবর্তে। আর্থিক দৈন্যর প্রভাব পড়েছে পারমার পারফরম্যান্সেও। দিনের পর দিন জয়হীন দলটি। সর্বশেষ জিতেছিল ৬ জানুয়ারি ফিওরেন্টিনার বিপক্ষে। এরপর সাত ম্যাচে হার। তা-ই নয়, আর্থিক সমস্যার কারণে ২২ ফেব্রুয়ারি উদিনেসে ও ১ মার্চ জেনোয়ার বিপক্ষে ম্যাচই খেলা হয়নি দলটির।
সমস্যাকীর্ণ সেই দল কিনা হারিয়ে দিল সম্ভাব্য লিগ শিরোপাজয়ী জুভেন্টাসকে। যদিও জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এদিন বিশ্রাম দিয়েছিলেন জিয়ানলুইজি বুফন, কার্লোস তেভেজ ও আন্দ্রেয়া বারজাগলির মতো একাদশের নিয়মিত খেলোয়াড়দের। কিন্তু অবনমন অঞ্চলে থাকা একটা দলের কাছে হারার পেছনে কোনো অজুহাতই দাঁড় করাতে পারে না জুভরা।
এমন সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি পারমা কোচ রবার্তো ডোনাডনি। সাবেক এই ইতালি কোচ জানালেন, ‘ছেলেরা আজ রাতে (গত রাতে) বিরাট গৌরব উপহার দিয়েছে।’
গৌরব? এ তো রূপকথা! তথ্যসূত্র: এএফপি ও বিবিসি।