অথচ রোনালদোর জন্মই হতো না!

ভাবুন তো, ক্রিস্টিয়ানো রোনালদো নামে কেউ এই ধরাধামেই আসেন নি কখনো। রিয়াল মাদ্রিদ বা পর্তুগালের সাত নম্বর জার্সিতে মাঠে নামছেন অন্য একজন। ‘মেসি বনাম রোনালদো’-কে সেরা এই বিতর্কটাই নেই। কি, একটু পানসে লাগবে না? এমনটাই যদি মনে হয়ে থাকে, তাহলে একটা ধন্যবাদ দিয়ে রাখতে পারেন মারিয়া দোলোরিস আভেইরোকে। এই মহিলার সাহসী সিদ্ধান্তের কারণেই আজ আপনাকে রোনালদো-বিহীন পৃথিবী দেখতে হচ্ছে না।
ওহ, মারিয়া দোলোরিস আভেইরো কে চিনতে পারছেন না? ইনি রোনালদোর মা। আর সাহসী সিদ্ধান্তটা হলো ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি সুস্থভাবে তাঁর চতুর্থ সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া। রোনালদো গর্ভে থাকার সময়ে পারিবারিক ঝামেলার কারণে খুব গুরুত্বের সঙ্গেই গর্ভপাতের কথা ভেবেছিলেন দোলোরিস! ভাগ্যিস, তেমন কিছু করেননি।
এত দিন পর এই কথাগুলো উঠে আসছে রিয়াল মাদ্রিদ তারকার আত্মজীবনী মূলক প্রামাণ্যচিত্র ‘রোনালদো’র সৌজন্যে। আর তিন দিন পর থিয়েটারগুলোতে মুক্তি পাবে প্রামাণ্যচিত্রটি। তবে এর আগেই এটির কিছু মজার খুঁটিনাটি বিষয় চলে আসছে আলোচনায়। প্রামাণ্যচিত্রটিতে রোনালদো ও তাঁর পরিবারের বিশেষ কিছু সাক্ষাৎকার আছে। এমনই এক সাক্ষাৎকারে উঠে এসেছে গর্ভে থাকা রোনালদোকে নিয়ে তাঁর মায়ের শঙ্কার কথা। রোনালদোর বাবা সে সময় মদ্যপানে আসক্ত ছিলেন। পরিবারে এরই মধ্যে ছিল তিন সন্তান। চতুর্থ সন্তান রোনালদোকে তাই গর্ভেই বিনষ্ট করতে চেয়েছিলেন মারিয়া আভেইরো।
অবশ্য এখন নিজের সিদ্ধান্তে খুশি এই রত্নগর্ভা মা, ‘আমি গর্ভপাত চেয়েছিলাম, ক্রিস্টিয়ানোকে আমরা চাইনি। তবে ঈশ্বরের অশেষ কৃপা যে আমি তা করিনি। সেই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’
সেই ‘অযাচিত’ রোনালদোই আজ বিশ্ব ফুটবলের সেরা দুই বিজ্ঞাপনের একজন। একের পর এক রেকর্ড গড়ে জিতে নিয়েছেন তিনবারের বর্ষসেরার পুরস্কারও। আর ৩০ বছর আগের অভাব ভুলিয়ে দেওয়ার মতো অর্থকড়ির ব্যাপারটি তো আছেই। তবু, এখনো কি ‘অযাচিত’ জেনে একটু খেদ আছে রোনালদোর মনে? উত্তরটা শুনুন পর্তুগিজ তারকার মায়ের মুখেই, ‘এখন আমরা বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করি। আর ও আমাকে বলে, “তুমি চাওনি আমার জন্ম হোক। আর এখন দেখো, আমিই তোমাদের সবাইকে কেমন সাহায্য করছি। ”
শুধু পরিবার নয়, রোনালদো ‘সাহায্য’ করে চলেছেন ফুটবল রোমান্টিকদেরও। ডেইলি মিরর।