অথচ সেই রাজ্জাকই নেই!

সোহাগ গাজীর অবদানের কথা মনে আছে সবার। প্রথম ওয়ানডেতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ না হলেও উইকেট নিলেন ৩টি। কিন্তু তাই বলে আবদুর রাজ্জাকের অবদানের কথা একেবারেই ভুলে যাবেন! ২০১২ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই দল মিলিয়েই তো সবচেয়ে বেশি (১০) উইকেট ছিল বাঁহাতি এই স্পিনারের। দেড় বছর যেতে না-যেতেই সেই রাজ্জাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিস্মৃত এক নাম!
কাল গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামের প্রথম ম্যাচে রাজ্জাক সময় কাটালেন ড্রেসিংরুমে। হয়তো বসে বসে রোমন্থন করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচগুলোর স্মৃতি। প্রথম দুই ম্যাচে তিন-তিন করে ৬ উইকেট। পরের দুই ম্যাচে দুটি করে আরও চারটি। ওয়েস্ট ইন্ডিজকে ৩-২-এ হারানো সিরিজে সাফল্যের নায়ক হিসেবে প্রচারে-প্রসারে সোহাগ-এনামুল হকরা (বিজয়) এগিয়ে থাকলেও রাজ্জাকের অবদানও কম ছিল না। অথচ আরেকটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে রাজ্জাকই নেই বাংলাদেশ দলে। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের ‘নতুন বাংলাদেশ’ দল গড়ার তত্ত্বে যেন খাপ খাচ্ছেন না অভিজ্ঞ এই স্পিনার।
এই যে সময়ের আড়ালে হারিয়ে যাচ্ছেন, তাতে অবশ্য রাজ্জাকেরও ‘অবদান’ আছে। ২০১৩ সালের মার্চে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬২ রানে ৫ উইকেট নেওয়ার পরই পারফরম্যান্সে ভাটার টান শুরু। পরের ১০টি ওয়ানডেতে উইকেট মাত্র ৬টি। ১টির বেশি উইকেট পাননি কোনো ম্যাচেই, উইকেটশূন্য থেকেছেন চার ম্যাচে।
পরশু সন্ধ্যায় গ্রেনাডিয়ান বাই রেক্স রিসোর্টের লবিতে বসে পড়তি ফর্ম নিয়েই কথা হচ্ছিল রাজ্জাকের সঙ্গে। তখনো সম্ভবত জানতেন না পরদিনের ম্যাচের দল থেকে মুমিনুল, মিঠুন আর রুবেলের সঙ্গে তিনিও বাদ। সব কথায়ই তাই ফুটে উঠছিল নতুন শুরুর স্বপ্ন, বিশেষ করে সামনে যখন ওয়েস্ট ইন্ডিজ, ‘এটা খুবই স্বাভাবিক...যেকোনো দলের সঙ্গেই যদি সর্বশেষ খেলায় আপনি ভালো খেলে থাকেন তাহলে তাদের বিপক্ষে আত্মবিশ্বাস বেশি থাকে। তা ছাড়া ওয়েস্ট ইন্ডিজে আমি কখনোই খুব খারাপ করিনি। সুযোগ পেলে এবারও ভালো কিছু করার চেষ্টা করব।’
কাঙ্ক্ষিত সেই সুযোগের জন্য রাজ্জাককে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় বা তৃতীয় ওয়ানডের জন্য। যত আত্মবিশ্বাসীই হোন, কোচ চন্ডিকা হাথুরুসিংহের চার ওপেনারের টপ অর্ডার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে সাজানো প্রথম ওয়ানডের ছকে রাজ্জাক কেবলই একজন দর্শক থাকলেন। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেকে ফিরে পাওয়ার আশাটুকুর কথা বাদ দিলে তিনি নিজেও মানছেন, ‘এটাকে আমার ক্যারিয়ারেরই সবচেয়ে খারাপ সময় বলতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ ম্যাচ ধরে আমার এ রকম এর আগে কখনো হয়নি।’ আশায় বসতি গড়েছিলেন তার পর, ‘আমি চেষ্টা করি, কঠোর পরিশ্রম করি। মানসিকভাবেও ইতিবাচক থাকার চেষ্টা করি। আর খারাপ সময় তো আসেই। হয়তো সেটাই যাচ্ছে। আমার চেষ্টা থাকবে এ সময়টা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলা।’
উইকেট পাননি বলেই যে সব ম্যাচে খারাপ বল করেছেন, সেটা মানেন না রাজ্জাক। তাঁর দৃষ্টিতে ওই ম্যাচগুলোর অন্তত তিনটিতে নিজের বোলিংয়ে নিজে সন্তুষ্ট তিনি। স্বীকার করছেন, ‘বাকি ম্যাচগুলোতে বোলিং আমার মনের মতো হয়নি। সবকিছু হ-য-ব-র-ল লাগছিল...কী হচ্ছে আসলে...! আমি ধরতেই পারিনি কোথায় সমস্যা হলো বা কেন হলো।’ একটু পর নিজেই বিশ্লেষণ করলেন, ‘হয়তো নেতিবাচক চিন্তাভাবনা বেশি করেছি। নিজের ওপর আস্থা কখনোই কম ছিল না, অথচ এবার সেখানেই সমস্যা হয়ে গেল। আত্মবিশ্বাসের জায়গাটা নড়ে গেল।’
নতুন স্পিন কোচ রুয়ান কালপাগে মাত্রই দায়িত্ব নিয়েছেন। নিজের সমস্যা নিয়ে এখনো তাঁর সঙ্গে একান্তে বসার সুযোগ হয়নি। তবে রাজ্জাক যেন বড় বেশি মিস করছেন সাকলায়েন মুশতাককে, ‘সাকলায়েন ভাই আমাদের জন্য অনেক কার্যকর ছিলেন। সব স্পিনারের বোলিংয়েই কিছু না-কিছু উন্নতি আনতে পেরেছেন।’ নিজের কথাটা বললেন আলাদা করেই, ‘একদিন আমি বললাম, এখন তো দুসরার যুগ চলে এসেছে। আমাদের কী হবে? উনি তখন আমাকে আমার বোলিংয়ের কিছু ভিডিও দেখিয়ে বললেন, তুমি যদি এভাবে বল করতে পারো, সেটা দুসরার চেয়ে হাজার গুণ বেশি কার্যকর হবে। দুসরা মারলে বোঝা যায়। তোমারটা বোঝা যাবে না।’ মনে হচ্ছিল তার কাছেও আমার ওই বলগুলো নতুন ছিল।’
ওয়েস্ট ইন্ডিজ সফর রাজ্জাককে প্রতিবারই কোনো না কোনো নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করায়। ২০০৪ সালে বাংলাদেশ দলের হয়ে প্রথম সফরে এসে দেশে ফিরেছিলেন কোনো ম্যাচ না খেলেই। ২০০৯ সালে এসেছিলেন বোলিং অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা মাত্রই শেষ করে। প্রথম ম্যাচেই ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ-ওই সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস নিয়ে ফিরতে সাহায্য করেছিল রাজ্জাককে।
অথচ আজ? সেই ওয়েস্ট ইন্ডিজে এসেই রাজ্জাক যেন পথহারা এক নাবিক। নতুন স্পিন কোচ তাঁকে সঠিক পথের দিশা দিতে পারবেন কি না, সেটারও আগে জানা প্রয়োজন, হাথুরুসিংহের রণকৌশলে রাজ্জাকের অবস্থান আসলে কোথায়।