অথচ ২৫৯ দিন আগে ৫ মিনিট মৃত ছিলেন তিনি
হতাশায় ডান হাত ঝাঁকালেন। শেষ বাঁশি বাজতেই রেফারি মাইক ডিনের দিকে ছুটে গেলেন। এক মিনিটের মতো তর্কও করলেন। কোন কোন জায়গায় রেফারি তাঁর দলের খেলোয়াড়দের ওপর ফাউলের ঘটনা দেখতে পাননি, কথা শোনালেন সে নিয়ে। কত সহজ-স্বাভাবিকই না দেখাচ্ছে ক্রিস্টিয়ান এরিকসেনকে!
কিন্তু নিউক্যাসলের বিপক্ষে পরশু ম্যাচে ব্রেন্টফোর্ডের জার্সিতে এরিকসেনকে দেখা ঘোরলাগা যেকোনো চোখের তা বিশ্বাস করতে কষ্টই হয়েছে নিশ্চিত। আর যা-ই হোক, এরিকসেনের আবার মাঠে ফেরা সহজ-স্বাভাবিক হতে পারে না। ২৫৯ দিন আগেই তো মিনিট পাঁচেক কার্যত মৃত ছিলেন ৩০ বছর বয়সী ড্যানিশ প্লেমেকার!
জুন ১২, ২০২১। ১৯৯২-এর পর আবার ইউরোতে দারুণ কিছুর স্বপ্ন নিয়ে ফিনল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই নেমেছে ডেনমার্ক। শেষ পর্যন্ত ম্যাচটা হেরেছে ড্যানিশরা, কিন্তু জয়-হারের ভাবনা তো ম্যাচের ৪০ মিনিটের পরই হয়ে পড়ে অর্থহীন।
কোপেনহেগেনে সে ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাকের শিকার এরিকসেন মাঠে লুটিয়ে পড়েন। ভাগ্য ভালো, ডাক্তাররা দ্রুতই ছুটে এসেছেন, হৃদ্যন্ত্রের কাজ আবার চালু করার জন্য ডেফিব্রিলেটর হাতের কাছেই ছিল! মিনিট পাঁচেক স্পন্দনহীন এরিকসেনের হৃদয়ে যমে-মানুষে টানাটানির পর প্রাণ ফেরে। কদিন আগে বিবিসিতে সাক্ষাৎকারে এরিকসেন বলছিলেন, ‘পাঁচ মিনিট মৃতই ছিলাম!’
ডাক্তারদের প্রাণান্ত চেষ্টায় প্রাণ ফেরার পর যখন অ্যাম্বুলেন্সে প্রথম জানতে পারেন হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন, জীবন নিয়েই ভাবনায় পড়ে যাওয়া এরিকসেনের সে মুহূর্তে হয়তো মনে হয়েছিল, ফুটবল আর তাঁর আপন হবে না। সে কারণেই কিনা, অ্যাম্বুলেন্সে থাকা ডাক্তারের সহযোগীকে বলেছিলেন, তাঁর বুটজোড়া রেখে দিতে, কারণ ওগুলো আর কাজে আসবে না! কিন্তু জীবন তাঁর জন্য অন্য গল্প লিখে রেখেছিল।
দুঃস্বপ্নের ওই অভিজ্ঞতার পর কেটে গেছে ২৫৯ দিন। হাসপাতালে অস্ত্রোপচারে হৃদ্যন্ত্র স্বাভাবিক রাখার যন্ত্র আইসিডি (ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার-ডেফিব্রিলেটর) বসেছে তাঁর বুকে। বাড়ি ফিরেছেন, কয়েক মাস ধরে স্বাস্থ্যবিষয়ক সব পরীক্ষা-নিরীক্ষার পর ফুটবলে ফেরার আশাও ফিরেছে তাঁর।
ইতালিতে আইসিডি নিয়ে খেলার অনুমতি না থাকায় তাঁর ক্লাব ইন্টার মিলান ছেড়ে দিলেও তাঁর সংকল্প টলেনি। জানুয়ারিতে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন ছয় মাসের চুক্তিতে। ২০২২ বিশ্বকাপে ডেনমার্কের জার্সিতে খেলার স্বপ্ন বুকে নিয়ে মাঠে ফেরার দিন গুনছিলেন।
অবশেষে ৯ মাস পর অপেক্ষার সমাপ্তি হলো তাঁর। আরও নির্দিষ্ট করে বললে দুঃস্বপ্নের ১২ জুনের ঠিক ২৫৯ দিন পর।
নিজেদের মাঠে গতকাল ম্যাচের ৬২ মিনিটে যখন মাতিয়াস ইয়েনসেনের বদলি হয়ে নামেন এরিকসেন, ব্রেন্টফোর্ড-নিউক্যাসল দুই গ্যালারিই তুমুল করতালিতে জানায়, নতুন জীবনে স্বাগত!
ফেরাটা অবশ্য একেবারে মনের মতো হয়নি। এরিকসেন মাঠে নামার আগে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে ছিল ব্রেন্টফোর্ড। ১০ মিনিটেই জশুয়া দা সিলভা লাল কার্ড দেখায় ১০ জনের দল হয়ে পড়া ব্রেন্টফোর্ডকে আর ম্যাচে ফেরাতে পারেননি এরিকসেন। ২-০ গোলেই হেরেছে ব্রেন্টফোর্ড।
তাতে কী! এরিকসেনের ফেরাই তো এদিনে বড় খবর! ‘ফলটাকে এক পাশে রাখলে আমি এই মুহূর্তে খুব সুখী একজন মানুষ। যে সবকিছুর মধ্য দিয়ে গেছি, এরপর ফিরতে পারাই তো অসাধারণ কিছু’—ম্যাচ শেষে তৃপ্ত এরিকসেনের প্রাথমিক অনুভূতি।
ফেরার দিনটা আরও বিশেষ হয়েছে তাঁর প্রিয়জনদের উপস্থিতিতে, ‘সবাই এখানে আছেন—আমার পরিবার, মা–বাবা, বাচ্চারা, আমার শাশুড়ি এবং আমাকে সব সময় দেখভাল করা কয়েকজন ডাক্তার। তাঁরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সেটা আমি যেসবের মধ্য দিয়ে গেছি, তার চেয়েও কঠিন ছিল।’