অদ্ভুতুড়ে ম্যাচে অদ্ভুত মিস!

গতকাল যেন ভূতে পেয়ে বসেছিল লিভারপুল-কিউপিআর ম্যাচটাকে। কী অদ্ভুতুড়ে সব ঘটনা ঘটতে থাকল। কেউ হুট করে ম্যাচের শেষ দিকে চ্যানেল ঘোরালে ধন্দে পড়ে যেত, ‘লাইভ’ ম্যাচ দেখছে, নাকি ম্যাচের ‘হাইলাইটস’। প্রায় প্রতি মিনিটে যে একটি করে গোল হচ্ছিল। শেষ মুহূর্তে এমনই গোল-পাল্টা গোলের নাটক চলল। ৮৭ মিনিট পর্যন্ত যে খেলার স্কোরলাইন ১-০, সেটাই ৩-২ গোলে শেষ হবে—কেউ কি ভেবেছিল! শেষের কয়েক মিনিটেই হয়েছে ৪টি গোল!
ম্যাচের শেষ দিকে রীতিমত ভুতুড়ে সময় কেটেছে দুদলের সমর্থকদের। ম্যাচে মোট গোল হয়েছে পাঁচটি। এর মধ্যে তিনটিই নির্ধারিত ৯০ মিনিটের পর। লিভারপুল শেষ পর্যন্ত হাঁপ ছেড়ে বেঁচেছে ম্যাচটা জিতে। না হলে ক্ষণে ক্ষণে ম্যাচের রং যেভাবে পাল্টাচ্ছিল, একবার মনে হয়েছে লিভারপুল জিতবে, আবার মনে হয় ড্র হবে, আবার মনে হচ্ছিল কিউপিআরই জিতবে, আবার মনে হচ্ছিল ড্র... বুঝুন অবস্থাটা!
শেষ পর্যন্ত লিভাপুল জেতায় কোচ-সমর্থক তো বটেই, সবচেয়ে বেশি হাঁপ ছেড়ে বেঁচেছেন আসলে মারিও বালোতেল্লি। ম্যাচটা যতটা অদ্ভুতুড়ে হয়েছে, তেমনই একটা অদ্ভুত সহজ সুযোগ মিস করেছেন চাপের মুখে থাকা এই ইতালিয়ান স্ট্রাইকার। ৬১ মিনিটে অ্যাডাম লালানার শট ঠেকিয়ে দেন কিউপিআর গোলরক্ষক অ্যালেক্স ম্যাকক্যার্থি। ফিরতি বল চলে আসে বক্সের ভেতর ফাঁকায় দাঁড়িয়ে থাকা বালোতেল্লির কাছে। পোস্ট তখন প্রায় ফাঁকা। লালানার বল ঠেকিয়ে ম্যাকক্যার্থি ঠিকমতো উঠেও দাঁড়াতে পারেননি। আলতো টোকায় বলটা অনায়াসে পাঠানো যায় পোস্টে। এই অবস্থায় গোল না করাটাই একজন স্ট্রাইকারের জন্য সবচেয়ে কঠিন কাজ। বালোতেল্লি ‘কঠিনেরে ভালোবাসিলাম’ বলে অত কাছ থেকেই জোরাল শটে বল জড়াতে চাইলেন জালে! বল উড়ে গেল বারের ওপর দিয়ে! সূত্র: মেইল অনলাইন।