অধরা জয় পেল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বাজেটের দল গড়েও এবারের লিগে শেখ রাসেল এত দিন ছিল জয়হীন। নবম ম্যাচে এসে সেই জয়ের দেখা পেল তারা। সিলেট জেলা স্টেডিয়ামে কাল পল এমিলের একমাত্র গোলে মোহামেডানকে হারিয়েছে শেখ রাসেল।

বিপিএলে জয়হীন থাকা দুই দলের লড়াইয়ে কালই প্রথম মুখে হাসি ফুটেছে শেখ রাসেলের। প্রথমার্ধে ম্যাচের আধিপত্য ছিল মোহামেডানেরই। ৩০ মিনিটে এনকো প্যাট্রিচের শট ক্রসবারে লেগে ফেরে। ৪৫ মিনিটে মাসুক মিয়া জনির ফ্রি-কিক ক্রসবারে লেগে বাইরে যায়। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়িয়েছে শেখ রাসেল। ৫১ মিনিটে মোনায়েম খান রাজুর ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে গোল করেন পল এমিল (১-০)। ব্যবধান দ্বিগুণ করতেই পারতেন এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। ৫৭ মিনিটে মোহামেডানের গোলরক্ষক নেহাল জায়গা ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু ফাঁকা পোস্টে পল এমিল শট নিলেও শেষ মুহূর্তে ডিফেন্ডার ইয়াইয়া সি গোললাইন সেভ করেন।

বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও কোনো দল গোল পায়নি। এই জয়ে ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দশেই ঐতিহ্যবাহী মোহামেডান।