অধিনায়ক নেইমার পরিণত নন!
মুখে এখনো কৈশোরের ছাপ, চোখেও দুষ্টুমিভরা। ফুটবল মাঠেও মাঝেমধ্যে প্রকাশ পেয়ে যায় এই চপলতা। আর যা-ই হোক, নেইমারের মধ্যে ভারিক্কিভাব আছে এমন ‘অপবাদ’ কেউ দিতে পারবেন না। আর এই কারণেই তাঁকে এখনো ব্রাজিলের অধিনায়ক হওয়ার মতো পরিণত মনে করেন না ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো।
বিশ্বকাপে বিপর্যয়ের পর বদলে যাওয়া ব্রাজিলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। তবে নেইমার হতাশ করেছেন প্রথম বড় পরীক্ষাতেই। কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে মেজাজ হারিয়ে কলম্বিয়ার জেসন মুরিলোকে ঢুস মেরে পেলেন চার ম্যাচের নিষেধাজ্ঞা। ব্রাজিলও পরের ম্যাচেই প্যারাগুয়ের সঙ্গে হেরে বাদ পড়ে গেল টুর্নামেন্ট থেকে।
সেলেসাওদের হয়ে ৬৩ ম্যাচে ৪৪ গোল, মাঠে তাঁর থাকা না-থাকা গড়ে দেয় ব্রাজিলের জয়-পরাজয়ের ব্যবধান। দলে নেইমারের গুরুত্ব নিয়ে তাই কোনো সন্দেহ নেই। তবে এই ছেলেমানুষি কাণ্ডের জন্যই তাঁকে এখনো ব্রাজিলের অধিনায়ক হিসেবে যোগ্য ভাবছেন না লিওনার্দো, ‘নেইমার অসাধারণ খেলোয়াড়, তবে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার মতো পরিণত এখনো ও হয়নি।’
তবে বার্সেলোনায় আসার পর খেলোয়াড় হিসেবে নেইমারের অনেক উন্নতি দেখছেন লিওনার্দো, ‘যখন ব্রাজিলে ছিল তখন ওর অনেক সমালোচনা করেছি আমি। বল নিয়ে শুধু ড্রিবল করতে চাইত ও। এখন বল ছাড়াও খেলতে শিখেছে। আমি ভাবিনি ও এটা পারবে, এটা মানসিকতার ব্যাপার। ফ্রি-কিকেও ভয়ংকর হয়ে উঠছে।’ গোলডটকম।