প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি, মাইকেল ক্যারিক ও ক্রিস স্মলিং—তিনজনের কেউই ছিলেন না কাল ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে। ডেভিড ডি গিয়ার চোট। সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটায় তাই নতুন একজনকে অধিনায়ক করতে হতো কোচ হোসে মরিনহোকে। বেশির ভাগ ইউনাইটেড সমর্থকই ভেবেছিলেন, ইব্রাহিমোভিচই হবেন সেই অধিনায়ক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মরিনহো অধিনায়ক বানালেন মারুয়ানে ফেলাইনিকে! আসলে তাঁর ভাবমূর্তিটা এমন যে, বেলজিয়ান মিডফিল্ডার অধিনায়ক হতে পারেন, এটা বিশ্বাস করা কঠিনই। সিদ্ধান্তটা শুনে তাই স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলে থাকা সাবেক লিভারপুল মিডফিল্ডার জেমি রেডন্যাপের প্রতিক্রিয়াটা হলো দেখার মতো। টুইটারেও একের পর এক টিপ্পনী কাটা শুরু করলেন সবাই। তবে অধিনায়ক হিসেবে অভিষেকটা কিন্তু মন্দ হয়নি ফেলাইনির। ম্যাচটা ইউনাইটেড জিতেছে ৩-০ গোলে। স্কাই স্পোর্টস।