অধিনায়কত্ব নিয়েও চমকে দেওয়া ভাবনা ব্রাজিলের

প্রথম ম্যাচেই মন জিতে নিয়েছেন তিতে। ৩৩ বছর পর ইকুয়েডরে গিয়ে জিতেছে ব্রাজিল। ম্যাচের আগেই আলোচনা হচ্ছিল নতুন এই কোচের প্রযুক্তিমনস্ক ভাবনা নিয়ে। এবার অধিনায়কত্ব নিয়েও অভিনব ভাবনা হাজির করলেন তিতে। জানিয়ে দিলেন, ব্রাজিল দলে আপাতত নির্দিষ্ট কেউ অধিনায়ক থাকছেন না। ঘুরিয়ে–ফিরিয়ে একেকজন হবেন অধিনায়ক!
গত ম্যাচে যেমন অধিনায়ক ছিলেন মিরান্ডা। তাঁর নেতৃত্বেই ইকুয়েডরকে ৩-০ গোলে হারালেও কার্যত পরের ম্যাচেই অধিনায়কত্ব ‘হারাচ্ছেন’। এবার সেই বাহুবন্ধনী পাচ্ছেন দানি আলভেস। কলম্বিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবেন বার্সেলোনার সাবেক ও জুভেন্টাসের বর্তমান ফুলব্যাক। আগামীকাল বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটায় শুরু হবে ম্যাচটি।
ক্রিকেটের মতো ফুটবলে অধিনায়ক ব্যাপারটি অতটা গুরুতর নয়। বড় ক্লাবগুলোতে একজন অধিনায়ক ও একাধিক বিকল্প অধিনায়ক থাকেই। কিন্তু তাই বলে প্রতি ম্যাচেই একজন করে অধিনায়ক? এখনকার ফুটবলে অধিনায়কের গুরুত্বও বাড়ছে। সতীর্থদের ভেতর থেকে সেরাটা বের করে আনা, দলের মুখপাত্র হিসেবে কাজ করা, দুঃসময়ে দলকে আড়াল করে রাখা—এসব এখন অধিনায়ককেও করতে হয়। অধিনায়ক হিসেবে নেইমার অসাধারণ করছিলেন। ব্রাজিলকে অলিম্পিক সোনাও জিতিয়েছেন। কিন্তু এরপরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বার্সা তারকা।
এরপরই নতুন অধিনায়ক নিয়ে এই কৌশল নিয়েছেন তিতে। তিতের অধিনায়কত্ব আবর্তন নীতি অবশ্য নতুন নয়। করিন্থিয়ানসেও একই কাজ করেছিলেন। তিতের মতে, এতে দলের সব খেলোয়াড়ের মধ্যেই দায়িত্বশীলতা বাড়ে। সবাই অধিনায়কের মতো করে চিন্তা করতে শেখে। ব্রাজিল দলটাকেই তিনি বলছেন, ‘নেতায় ভরা’।
নতুন নেতা আলভেস বলেছেন, ‘আমাদের দলে অনেক নেতা আছে, তাদের নিজস্ব নিজস্ব ভাবধারা আছে। আমি মনে করি না অধিনায়ক হওয়া বাড়তি গুরুত্ব বহন করে। তবে নিজের দলকে নেতৃত্ব দেওয়া তো অনেক বড় সম্মানের। আমি মনে করি, প্রত্যেকের কাছ থেকেই একটু করে হলেও দলে নেতৃত্বে অবদান রাখা দরকার। আমাদের অবশ্যই তা আছে।’
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন, দানি আলভেস, মারকুইনহস, মিরান্ডা, মার্সেলো, কাসেমিরো, পাওলিনহো, রগুস্তো, উইলিয়ান, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস।