অনন্য হরলান্ড আরও দুর্দান্ত হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরলান্ডে মুগ্ধ নাগলসমান।
ছবি: টুইটার

৪০টি দলের স্কাউট বাধ্য হয়েছিল তাঁর খেলা দেখতে। অস্ট্রিয়ান লিগে সালজবুর্গের জার্সিতে গোলবন্যা বইয়ে দিয়েছিলেন আগেই, চ্যাম্পিয়নস লিগেও সে ধারা বজায় রাখায় ইউরোপের বড় সব ক্লাব নড়েচড়ে বসতে বাধ্য হয়েছিল। ২০২০ এর জানুয়ারিতে তাঁকে নেওয়ার সম্ভাবনা আছে জেনে তাই ইউরোপের পরাশক্তি সব ক্লাব তাদের নিজ নিজ স্কাউটকে পাঠিয়ে দিয়েছিল আরলিং হরলান্ডের খেলা দেখার জন্য।

দৌড়ে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। কিশোর ফুটবলারদের তারকা বানানোয় খ্যাতি আছে ক্লাবটির।। সে সুবাদেই জার্মান ক্লাবে পা রেখেছিলেন হরলান্ড। এক বছর পর সে সিদ্ধান্ত সঠিক বলেই মনে হচ্ছে। গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন গত বছর। বুন্দেসলিগায় প্রথম ২৫ ম্যাচে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়েছেন কাল।

যেভাবে খেলছেন, এখনই সেরা স্ট্রাইকারদের কাতারে চলে গেছেন নরওয়েজিয়ার ২০ বছর বয়সী। কিন্তু জুলিয়ান নাগলসমানের ধারণা, অনন্য হরলান্ড আরও ভয়ংকর হয়ে ওঠার ক্ষমতা রাখেন। গতকাল চাক্ষুস সে প্রমাণ মিলেছে বলেই হয়তো এমন ভবিষ্যদ্বানী লাইপজিগের এই কোচের।

গতকালও দুই গোল করেছেন হরলান্ড।
ছবি: টুইটার

নাগলসমানকে নিয়েও টানাটানি কম হয়নি। ত্রিশ পেরোতেই পেশাদার কোচ হিসেবে শীর্ষ লিগের এক ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন, হয়ে যান বুন্দেসলিগার ক্লাব হফেনহাইমের কোচ। তাঁকে কোচ হিসেবে কোন নজরে দেখা হয়, এর স্বীকৃতি ২০১৮ সালেই মিলেছে। জিনেদিন জিদান আচমকা দায়িত্ব ছাড়ার পর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নাগলসমানকেই পছন্দ হয়েছিল ফ্লোরেন্তিনো পেরেজের। কিন্তু এত দ্রুত এমন চূড়ায় ওঠার ইচ্ছে হয়নি জার্মান কোচের। আপাতত লাইপজিগের দায়িত্বেই আছেন। ক্লাবটির গতকাল বায়ার্ন মিউনিখকে টপকে শীর্ষে ওঠার সুযোগও ছিল।

নিজেদের মাঠে লাইপজিগের সে আশা পূরণ হয়নি। পূরণ করতে দেননি হরলান্ড। এই স্ট্রাইকারের জোড়া গোলের সঙ্গে জেডন সাঞ্চোরও লক্ষ্যভেদ লাইপজিগকে ৩-১ ব্যবধানের হার মেনে নিতে বাধ্য করেছে ডর্টমুন্ড। হরলান্ডকে গত জানুয়ারিতে কিনতে চেয়েছিল লাইপজিগও। সালজবুর্গ ও লাইপজিগ মূলত একই প্রতিষ্ঠানের (শক্তিবর্ধক পানীয় প্রস্তুতকারী রেড বুল) অধীনের ক্লাব বলে দুই ক্লাবের মধ্যে দলবদল হরহামেশা হয়। কিন্তু হরলান্ডের ক্ষেত্রে এ সম্পর্ক কাজে আসেনি।

গতকাল হারের পর নাগলসমান তাই হরলান্ডের স্তুতি করতে কোনো ইতস্তত করেননি। বরং তাঁকে পাননি বলে যে আক্ষেপ রয়েছে, সেটাই জানিয়েছেন আবার, ‘আরলিংকে হয়তো আটকানো সম্ভব হতো। কিন্তু ওর চারপাশে আরও যারা আছে, তারা সবাই তখন অনেক বেশি জায়গা পেয়ে যেত। একের বিপক্ষে চারজন—এমন পরিস্থিতির সৃষ্টি হতো। অবশ্যই সে একজন অনন্য স্ট্রাইকার, এ কারণেই তো ওকে চেয়েছিলাম আমরা। ডর্টমুন্ড পেয়েছে তাকে। আমার ধারণা সে ২৫ বুন্দেসলিগা ম্যাচে ২৫ গোল করেছে, এমন কিছুই হবে। এটা আসলেই অসাধারণ। অবিশ্বাস্য পরিসংখ্যান।’

ডর্টমুন্ডের হয়ে লিগে ২৫ ম্যাচে ২৫ গোল করেছেন, এর মধ্যে সব ম্যাচে শুরু থেকে ছিলেন না এই স্ট্রাইকার। ২০ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। এর চেয়েও চমকপ্রদ তথ্য, এখন পর্যন্ত বুন্দেসলিগায় যত শট নিয়েছেন হরলান্ড, তার ৩৪.৩ শতাংশই গোলে রূপ নিয়েছে। একজন স্ট্রাইকার গোলের সামনে কতটা নিখুঁত, সেটার মাপকাঠি এই পরিসংখ্যান, এবং শীর্ষ লিগগুলোতে এখন হরলান্ডের চেয়ে এ ক্ষেত্রে কেউ এগিয়ে নেই।

ডর্টমুন্ডের তরুণ ফুটবলারদের স্কিলে মুগ্ধ নাগলসমান।
ছবি: টুইটার

ডর্টমুন্ডে এক বছর না কাটতেই আবার হরলান্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। লিভারপুল, রিয়াল মাদ্রিদ, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ—আগ্রহী ক্লাবের অভাব নেই। কেন বড় দলগুলো সবাই তাঁর পেছনে লেগেছে সেটা ভালোভাবেই জানেন নাগলসমান, ‘ও আমাদের বিপক্ষে এবারই প্রথম গোল করেনি। ওর দারুণ প্রতিভা এবং এখনো অনেক তরুণ। প্রতিপক্ষ হিসেবে আমি ওর ব্যাপারে কিছু বলতে পারব না, কিন্তু ওর এখনো উন্নতির অনেক জায়গা আছে। সে আরও ভালো হতে পারে।’

হরলান্ড আরও ভালো হওয়া মানেই ডর্টমুন্ডের লাভ। সেটা মানলেও হরলান্ডের পারফরম্যান্স যে জার্মানের শীর্ষ লিগের জন্য ভালো সেটা মানছেন লাইপজিগ কোচ নাগলসমান, ‘ওর কারণে লিগের মজা অনেক বাড়বে। তবে প্রতিপক্ষ দলগুলো সেটা উপভোগ করবে না।’

যে পরিস্থিতি, তাতে জার্মান দলগুলোর হয়তো আরও কিছুদিন হরলান্ডকে সহ্য করতে হবে। প্রথমে শোনা গিয়েছিল হরলান্ডের রিলিজ ক্লজ ৭৫ মিলিয়ন ইউরো। কিন্তু এখন শোনা যাচ্ছে ২০২২ সালের আগে এই রিলিজ ক্লজ চালু হবে না। আর ডর্টমুন্ডও এমন এক গোলশিকারিকে ২০২২ এর জুনের আগে ছাড়তে রাজি নয়।