‘চোটের কারণে জর্ডান ম্যাচে খেলতে পারিনি। এবার তাজিকিস্তান ম্যাচের প্রস্তুতি ক্যাম্পেও যেতে পারছি না। পায়ের হাড়ে সমস্যা। ডাক্তার কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। তাই কর্মকর্তাদের না বলে দিয়েছি।’
শাখাওয়াত রনির কণ্ঠে একটু আক্ষেপ ঝরে। সাম্প্রতিক সময়ে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের এক নম্বর স্ট্রাইকার তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ প্লে অফ দুটিতে নেই। জর্ডানের কাছে ৮-০ গোলে হারা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও অবশ্য ছিলেন না। স্বাধীনতা কাপে খেললেও আবার চোটে পড়েছেন, তাই কাল ঘোষিত ৩৪ জনের প্রাথমিক দলে রাখা হয়নি শেখ রাসেলের এই স্ট্রাইকারকে।
সাফের আগে হাঁটুতে পাওয়া চোট এখনো সারেনি বলে একই দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিও নেই। সেই হতাশা নিয়ে এমিলি কাল বলছিলেন, ‘স্বাধীনতা কাপে প্রথম দুটি ম্যাচ খেলে আবাহনীর সঙ্গে তৃতীয় ম্যাচে আবার ব্যথা পেলাম। খুবই খারাপ লাগছে।’ চোটগ্রস্ত হেমন্ত, কোমল, ফাহাদও দলে নেই। ফাহাদ জর্ডান সফরে ছিলেন, ওই সফরের দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার ফজলে রাব্বীও। অনেক দিন পর ডাক পেয়েছেন ডিফেন্ডার মামুন মিয়া।
তরুণদের ওপর ভরসা করেই আসলে দল গড়তে হয়েছে কোচ সাইফুল বারী ও বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর আবু জোবায়ের নিপুকে। ছয় নবীনের সামনে জাতীয় দলের দরজা। রক্ষণে বারিধারার লেফট ব্যাক খালেকুজ্জামান সবুজ ও মাঝমাঠে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া। বাকি চারজন আক্রমণভাগে—আরামবাগের সৈয়দ রাশেদ তূর্য, বিজেএমসির সৈকত মাহমুদ, ব্রাদার্সের মান্নাফ রাব্বি ও রহমতগঞ্জের নুরুল আবছার। এ ছাড়া জীবন, জুয়েল রানা, স্বাধীনতা কাপের ফাইনালে দুর্দান্ত গোল করা রুবেল মিয়াও আছেন। আক্রমণে এঁরা সবাই অনভিজ্ঞ। সাইফুল বারীও সেটাই বলছিলেন, ‘অভিজ্ঞদের পাওয়া গেল না চোটের কারণে। যা আছে, তাতেই সেরা দলটা বেছে নিতে চেয়েছি।’
জাতীয় দলে নিষিদ্ধ চার ফুটবলার ক্ষমা চাইলে তাঁদের ক্যাম্পে নেওয়ার কথা বলেছিল বাফুফে। তাঁরা ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠিও নাকি দিয়েছেন। তবে তাঁরা কেউই তালিকায় নেই। ম্যানেজার সত্যজিৎ দাস রুপু কারণ হিসেবে বললেন, ‘ওদের ডাকতে হলে শাস্তি প্রত্যাহারের ঘোষণা দিতে হবে। সেই আনুষ্ঠানিকতা তো বাকি।’ জানা গেছে, এক বছরের জন্য নিষিদ্ধ মামুনুল ও জাহিদ এবং ছয় মাস নিষিদ্ধ সোহেল রানা ও ইয়াসিনকে ক্ষমা করে ক্যাম্পে ডাকার প্রক্রিয়া চলছে।
জাতীয় দল নিয়ে এই তোড়জোড় তাজিকদের সঙ্গে ২ জুন অ্যাওয়ে এবং ৭ জুন হোম ম্যাচের জন্য। এই পর্বটা উতরালে এশিয়ান কাপের বাছাইপর্বে ঢোকা যাবে, হারলে অবশ্য ভুটানের সঙ্গে সেপ্টেম্বরে মিলবে আরও দুটি ম্যাচ। তাতেও হারলে আগামী তিন বছর বাংলাদেশ আর আন্তর্জাতিক ম্যাচ পাবে না।
এমন অগ্নিপরীক্ষা সামনে রেখে আপাতত এক মাসের পুনর্নিয়োগ পেয়েছেন মাস সাতেক ধরে চাকরিহীন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। ১৫ মে তাঁর আসার কথা। আজ থেকে বাফুফে ভবনে আবাসিক ক্যাম্প এবং ঢাকায় অনুশীলন চলবে দুই সহকারী সাইফুল বারী ও পারভেজ বাবুর অধীনে।
৩৪ জনের প্রাথমিক দল
লিটন, সোহেল, হিমেল, আশরাফুল রানা, নাসির উদ্দিন, রায়হান, তপু বর্মণ, নাসিরুল, মিশু, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, শাকিল, লিংকন, আরিফুল, কেষ্ট কুমার, রেজাউল, সবুজ, ফয়সাল মাহমুদ, ওয়ালী ফয়সাল, জামাল ভুঁইয়া, রাজু, শাহেদ, শাহেদ (জুনিয়র), জনি, কৌশিক বড়ুয়া, ইমন, জুয়েল রানা, সজীব, রুবেল, মান্নাফ রাব্বী, জীবন, নুরুল আবছার, সৈকত মাহমুদ, সৈয়দ রাশেদ তূর্য।