মালাগা থেকে রিয়ালকে মিশেলের উপহার
মগজ খাটান মালাগার জন্য, কিন্তু মিশেলের বুকের মধ্যে তো রিয়াল মাদ্রিদ! যে ক্লাবের একাডেমিতে শুরু তাঁর ফুটবল পাঠ, পেশাদার ক্যারিয়ারে এক যুগেরও বেশি সময় কেটেছে যে ক্লাবে, সেই রিয়ালের সঙ্গে হৃদয়ের সম্পর্ক থাকাটাই স্বাভাবিক। সেই ভালোবাসার কারণেই এখনো রিয়ালের জন্য কিছু করতে পারলে খুব সুখী মানুষের অনুভূতি হয় মিশেলের। কাল লা লিগায় তাঁর দল মালাগা ২-০ গোলে বার্সেলোনাকে হারানোর পর যেমন আরও একবার ওই অনুভূতি হলো সাবেক রিয়াল মিডফিল্ডারের।
ম্যাচ শুরুর আগে লা লিগার পয়েন্ট তালিকায় মালাগার অবস্থান ছিল ১৫ নম্বরে। জেতার পর এক ধাপ উঠে এসেছে তারা। ওদিকে একই রাতে শীর্ষে থাকা রিয়াল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল মালাগাকে হারিয়ে শীর্ষে চলে আসার। সেটা তো হলোই না, এখন উল্টো এক ম্যাচ কম খেলে রিয়াল এগিয়ে তিন পয়েন্ট।
মালাগার জয়ে মালাগার চেয়ে তাই রিয়ালেরই বেশি লাভ হয়েছে। এক সময় রিয়াল ‘বি’ দলকে কোচিং করানো মিশেলও খুব খুশি তাঁর প্রিয় ক্লাবকে ছোট এক সাহায্যটুকু করতে পেরে, ‘আমি মনে করি, রিয়াল মাদ্রিদের কারও সাহায্য দরকার নেই। কারণ ওরাই লিগ চ্যাম্পিয়ন হবে। তবু মালাগায় রিয়াল মাদ্রিদের একজন হিসেবে তাদের একটু সাহায্য করলাম।’
তবে এই ম্যাচের ফলই লা লিগার শিরোপা নির্ধারণ করে দেবে বলে মনে করেন না মিশেল, ‘আজকের এই ম্যাচের কারণেই বার্সেলোনা লা লিগা হেরে গেল বা রিয়াল মাদ্রিদ জিতে গেল—ব্যাপারটা এমন নয়। লিগ হচ্ছে ধারাবাহিকতার ব্যাপার। আর রিয়াল মাদ্রিদের শীর্ষে থাকাটাই এই মৌসুমের সবচেয়ে ধারাবাহিক ব্যাপার।’ মার্কা।