
গর্জন যতটা হয়েছিল, বর্ষণ হলো না তার ছিটেফোঁটাও। অথচ ম্যাচের আগে প্রত্যাশার পারদ উঠেছিল অনেক উঁচুতে। আর্জেন্টিনা-পর্তুগাল ম্যাচ ছাপিয়ে এটি হয়ে পড়েছিল লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই। তার ওপর দুজনের সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্ক। ওল্ড ট্রাফোর্ডে বুঝি এক মহারণই হবে এমনটাই ধরে নিয়েছিলেন সবাই।
কিন্তু আদতে হলো একটা ম্যাড়মেড়ে ম্যাচ। যোগ হওয়ার সময়ে গোল করে পর্তুগালকে জেতালেন অখ্যাত লেফটব্যাক রাফায়েল গেরেইরো। মেসি-রোনালদো দুজনই খেললেন শুধু প্রথমার্ধ। ওই সময়টুকুতে দুজনের কেউই বোঝাতে পারেননি কেন তাঁরা সময়ের সেরা ফুটবলার।
১৯৭২ সালের পর পর্তুগালের কাছে আর্জেন্টিনার প্রথম হারটাই এই ম্যাচের একমাত্র গল্প। মেসিদের হারের দিনে জিতেছে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে কার্লোস দুঙ্গার দলের জয় ২-১ গোলে। ডেভিড লুইজের গোলে ব্রাজিল এগিয়ে যাওয়ার পর অস্ট্রিয়াকে সমতায় ফেরান আলেকজান্ডার দ্রাগোভিচ। তবে ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে গোল করে ব্রাজিলের নায়ক হয়ে যান বদলি হিসেবে নামা রবার্তো ফিরমিনহো, যিনি দেশের হয়ে এদিন মাত্র দ্বিতীয় ম্যাচটা খেলেছেন।

জার্মান ক্লাব হফেনহেইমের ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বাজিটা কাজে লাগায় উচ্ছ্বসিত ব্রাজিল কোচ, ‘আমি যখন ওকে দলে ডাকলাম, সবাই আমাকে ওর সম্পর্কে জিজ্ঞেস করছিল। আমি বলেছিলাম, এই ছেলের পায়ে গোল আছে।’ কোচের আস্থার প্রতিদান দিতে পেরে ফিরমিনহো নিজেও যেন উড়ছেন, ‘দলে ডাক পাওয়ার পর থেকে আমি এত রোমাঞ্চিত যে ঠিকমতো ঘুমও হচ্ছে না। এটা স্বপ্নের মতো। আমি ব্রাজিলের হয়ে খেলছি—এটা দারুণ ব্যাপার। গোল করায় তো আরও আনন্দিত।’
এ জয়ের ফলে বছরটাও দারুণভাবেই শেষ হলো ব্রাজিলের। বিশ্বকাপের দুঃস্বপ্ন বাদ দিলে দ্বিতীয় দফায় দুঙ্গার অধীনে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে সব কটিই জিতেছে ব্রাজিল। এই ৬ ম্যাচে একটাই গোল খেয়েছে দুঙ্গার দল, পরশু অস্ট্রিয়ার বিপক্ষে ওই গোলটা।
ব্রাজিল-অস্ট্রিয়া ম্যাচ দেখতে ভিয়েনার আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে ছিল হাজার পঞ্চাশেক দর্শক। অথচ মেসি-রোনালদোর মতো দুই মহাতারকার ম্যাচে ৭৫ হাজার ধারণক্ষমতার ওল্ড ট্রাফোর্ডে দর্শক সাকল্যে ৪১ হাজার! দুজনেরই এমন নিষ্প্রভ পারফরম্যান্স, তার ওপর দ্বিতীয়ার্ধে মাঠেই না নামা, সব মিলিয়ে দর্শকেরা হতাশ। বিবিসিকে ম্যাচের পর এক দর্শক ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ‘৫০ পাউন্ড দিয়ে টিকিট কিনলাম, অথচ দুজনের কেউই বিরতির পর খেলল না। এ তো আমাদের সঙ্গে অবিচার।’
মেসির দ্বিতীয়ার্ধে না-খেলা নিয়ে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো ব্যাখ্যা দিয়েছেন ম্যাচ শেষে, ‘রোনালদোকে কেন তুলে নেওয়া হয়েছে আমি তা বলতে পারব না। তবে আমি মেসিকে তুলে নিয়েছি কারণ ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে পুরো সময় খেলেছে ও। তাই ওকে একটু বিশ্রাম দেওয়া দরকার ছিল।’ এ বিষয়ে সরাসরি কিছু বলেননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোসও। হয়তো কোনো ঝুঁকি নিতে চাননি রিয়াল মাদ্রিদ উইঙ্গারকে নিয়ে। পর্তুগাল কোচ বরং বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, ‘কে খেলল, কে গোল করল সেটা বড় নয়, আমরা জিতেছি এটাই বড় কথা।’
কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য তো ম্যাচটা মনে রাখার মতো হয়নি। শেষ পর্যন্ত তাই কে জিতলেন, কে হারলেন এটা ভুলে যেতেও সময় লাগবে না। জাতীয় দলের হয়ে দুজনের এমন অনুজ্জ্বল পারফরম্যান্স ভুলে তাকিয়ে থাকতে হচ্ছে আগামী মার্চের এল ক্লাসিকোর দিকে। ক্লাবের জার্সিতে তখন আরও একবার মুখোমুখি হবেন দুই মহাতারকা।
ওহো, জানুয়ারিতে জুরিখে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতেই দেখা হয়ে যেতে পারে দুজনের। সেদিন কে জিতলেন এটা কিন্তু মনে রাখবে সবাই। এএফপি, রয়টার্স।