অনুশীলন শেষে কোচ শুনলেন চাকরি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ চাকরি হারিয়েছেন সাইফুল বারি। ফাইল ছবি
আজ চাকরি হারিয়েছেন সাইফুল বারি। ফাইল ছবি

‌‘চাকরি গেছে, না হয় যাওয়ার পথে’—ফুটবল কোচদের নিয়ে এ কথাটি বহুল প্রচলিত। চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারি টিটু এখন এটা টের পাচ্ছেন হাড়ে হাড়ে। বাফুফের অ্যাস্ট্রো টার্ফে দুপুর ১২টায় দলকে অনুশীলনে নামিয়েছিলেন। কিন্তু অনুশীলন শেষ করে উঠতেই তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বরখাস্তের চিঠি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল বারি, ‌‘আজ প্র্যাকটিসের পরে চিঠিটা পেয়েছি। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। শেষ তিন ম্যাচে দল ভালো না করতে পারায় শিরোপা-দৌড় থেকে ছিটকে গেছি। ক্লাব কর্তাদের জায়গায় আমি থাকলেও হয়তো কোচকে বরখাস্ত করতাম।’

কাগজে-কলমে আহামরি মানের কোনো দল নয় চট্টগ্রাম আবাহনী। তবু ১৭তম রাউন্ড পর্যন্ত দলটি ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু শেষ তিন ম্যাচে দুই ড্র ও এক হারেই রেস থেকে প্রায় ছিটকে পড়েছে তারা। ফলে কোচকে বরখাস্ত করা হয়েছে বলে জানান দলের ম্যানেজার আরমান আজিজ, ‘কোচকে আমরা পূর্ণ স্বাধীনতা দিয়েছি। দল ভালোও করছিল। কিন্তু শেষ ম্যাচে হেরে শীর্ষ থেকে আমরা এক লাফে তিনে নেমে এসেছি। ফলে আজ দুপুরেই ক্লাবের পক্ষ থেকে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।’

ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর আর দুটি করে ম্যাচ বাকি। ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ১ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেখ জামাল। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম আবাহনীর ৪৩ পয়েন্ট।