মেসি চলে গেছেন, কিন্তু তাঁকে এখনো ভুলতে পারছে না বার্সেলোনা। মাঠের খেলায় এখনো লিওনেল মেসির স্বরূপ দেখেনি নতুন দল পিএসজি। কিন্তু তাঁর প্রাণের দল ঠিকই অভাব টের পেতে শুরু করেছে। নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শুরুটা হয়েছে হার দিয়ে। লা লিগায় বার্সেলোনার প্রথম ৪ ম্যাচ থেকে এসেছে মাত্র ৮ পয়েন্ট।
বার্সেলোনা এ অবস্থা কাটিয়ে উঠতে পারবে কি না, সেটা সময় বলে দেবে। সেটি কাটিয়ে ওঠানো যাঁর কাজ, তিনি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তাঁর কোচিংয়ের ধরন নিয়ে সমালোচনা হওয়ার পর রোনাল্ড কোমান প্রকাশ্যেই বলেছেন, মেসির মতো খেলোয়াড় তাঁর হাতে নেই যে টিকিটাকা ফুটবল খেলাবেন! মেসির স্তুতিতে আরও অনেক কথাই বলেছেন। এর মধ্যে এটি হলো, জেতার জন্য মরিয়া মেসি অনুশীলনেও স্বৈরাচারের মতো আচরণ করতেন।
ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় ছেড়ে দেওয়ার পর গুছিয়ে উঠতে সময় লাগে। বার্সেলোনারও সময় লাগাটাই স্বাভাবিক। কিন্তু ক্লাবটির সমর্থকদের বেশি পোড়াচ্ছে দলটির খেলার ধরন। পাসিং আর বলের দখল রাখার আদর্শ ভুলে এখন চোখে জ্বলুনি ধরা ফুটবল খেলাচ্ছেন কোচ রোনাল্ড কোমান। এ নিয়ে সমর্থকদের সমালোচনাকে পাত্তাই দিচ্ছেন না কোমান। কদিন আগেই বলেছিলেন, ‘তাঁর কারণেই এখনো ভবিষ্যৎ আছে বার্সেলোনার।’
ভবিষ্যতের নিদর্শন এখনো দেখা যাচ্ছে না। তবে কোমান অতীতের স্মৃতিচারণা করেছেন তৃপ্তি নিয়ে। মেসির সময়টায় বার্সেলোনা কেমন ছিল, এ নিয়ে কথা বলেছেন ডাচ ম্যাগাজিন ভোয়েতবল ইন্টারন্যাশনালের সঙ্গে, ‘মেসি সবকিছু আড়াল করে দিত। সে এত ভালো ছিল এবং সে জিতত। ওর আশপাশে ভালো খেলোয়াড় ছিল, সন্দেহ নেই। কিন্তু পার্থক্য গড়ে দিত সে। ওর কারণেই বাকি সবাইকে আরও ভালো মনে হতো। এটা সমালোচনা নয়, শুধু আমার পর্যবেক্ষণ।’
কোমান কী তাহলে বলতে চাইছেন, বার্সেলোনায় এখন যাঁরা আছেন, মেসির কারণে আগে তাঁদের অনেক ভালো মনে হলেও আসলে তাঁরা অতটা ভালো নন? এ ব্যাপারে বিস্তারিত কিছু না বলে মেসি কীভাবে পার্থক্য গড়তেন, সেদিকেই নজর দিয়েছেন কোমান, ‘আমি জানতাম সে কত ভালো। কিন্তু প্রতিদিন সেটা কাছ থেকে দেখতে পারাটা দারুণ। একজন ফুটবল খেলোয়াড়কে যা শেখাতে চান, পরিস্থিতি বুঝতে পারা, চাপের মধ্যে বল নেওয়া, বলের গতিনিয়ন্ত্রণ, গোল করা, মেসির ক্ষেত্রে সবকিছুই দশে দশ, এটা স্বাভাবিক না, মোটেও স্বাভাবিক না!’
মেসি অনুশীলনকে কতটা গুরুত্ব দিয়ে দেখতেন, সেটাও জানিয়েছেন কোমান, ‘আমরা যখন ফিনিশিং নিয়ে কাজ করতাম। কয়েকজন সহজভাবে শুরু করত, একটু মজা করত। কিন্তু মেসির ক্ষেত্রে সব সময়ই ছিল: বুম, বুম, বুম, বুম। কোনো দেখনদারি কিছু নেই, যা করছে সবই কাজের এবং সবকিছুতেই জেতার চেষ্টা করত।’
অনুশীলনে মেসি যে শুধু নিজেই সর্বোচ্চ দিতেন, তাই নয়। অন্যদের কাছেও সর্বোচ্চটাই চাইতেন। কোমানের ভাষায়, ‘আমরা অনুশীলনের আগে সব সময় রোন্ডো (গোল হয়ে দাঁড়িয়ে একজনকে মাঝে রেখে পাস দেওয়ার খেলা) খেলতাম। যদি ২০ বারের বেশি বল পাস দেওয়া হতো, যারা মাঝে থাকত তাদের একবার বেশি দৌড়াতে হতো। টানা তিনবার এ ঘটনা ঘটলে সবাই দুই লাইনে দাঁড়াত। আর যে দুজন ব্যর্থ হয়েছে বল ধরতে, তাদের এই লাইনের মাঝ দিয়ে যেতে তো। সবাই তখন তাদের মাথায় চাটি মারত। আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম, তার সঙ্গে কখনো এমন কিছু হয়েছিল কি না। সে বলেছিল, “হ্যাঁ, একবার।” এতগুলো বছরে! ও দলে থাকা অবস্থায় অভিজ্ঞরা কখনো তরুণদের কাছে হারেনি। এ ঘটনা মাত্র একবার ঘটেছিল আর মেসি এ নিয়ে সাত দিন রেগে ছিল। সত্যিকার অর্থেই স্বৈরাচার!’