অনূর্ধ্ব-১৬ ফুটবল ঢাকায়
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের আয়োজক হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে ঢাকায় হবে এই প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপের খেলা। গতকাল কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে হয়েছে ড্র। এতে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। প্রথমে ৪৫টি দেশ ১১ গ্রুপে ভাগ হয়ে খেলবে বাছাইপর্ব। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দলের সঙ্গে স্বাগতিক ভারত খেলবে আগামী বছরের চূড়ান্ত পর্বে। অনূর্ধ্ব-১৬ দলের পাশাপাশি এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ড্রও হয়েছে কাল। এতে অপেক্ষাকৃত সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, পাকিস্তান, ভুটান ও স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী ২৮ সেপ্টেম্বর কলম্বোয় শুরু হবে ৪৩ দেশের বাছাইপর্ব। এখানকার ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও পাঁচ সেরা রানার্সআপ এবং স্বাগতিক বাহরাইনকে নিয়ে আগামী বছর হবে চূড়ান্ত পর্ব।