
নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দল যখন বাংলাদেশে আসা স্থগিত রেখেছে, ঢাকায় ঠিক তখনই বসছে এএফসি অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এই প্রতিযোগিতায় উজবেকিস্তান, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে আছে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে অনেক। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যও তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। তবে ঢাকার এই টুর্নামেন্ট নিয়ে বিদেশি দলগুলো কোনো প্রশ্ন তোলেনি। এ নিয়ে কোনো কথাও তারা বলেনি বাফুফের সঙ্গে। শ্রীলঙ্কা দলের এক শীর্ষ কর্মকর্তা বরং বললেন, ‘বাংলাদেশের নিরাপত্তাহীনতার কিছু দেখছি না।’
সম্প্রতি বঙ্গবন্ধু কাপ, অনূর্ধ্ব-১৬ এএফসি টুর্নামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ নির্বিঘ্নেই হয়েছে ঢাকায়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাধারণত দলের সঙ্গে পুলিশ ভ্যান থাকে, এবারও তাই থাকছে। তবে এবার অনুশীলন মাঠেও পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আগের চেয়ে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানাল বাফুফে।
ভুটান দল কাল বিকেএসপি থেকে ঢাকায় ফিরেছে। উজবেকিস্তান ঢাকা এসেছে পরশু, শ্রীলঙ্কা কাল সকালে। এই দলগুলোর যাবতীয় মনোযোগ মাঠের পারফরম্যান্স ঘিরেই। শ্রীলঙ্কা দলের এক শীর্ষ কর্মকর্তা বললেন, ‘আমরা তো খেলতে এসেছি। কাজেই খেলাই আমাদের কাছে মূল বিবেচ্য। নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নই। এবং এখানে সব ভালোই মনে হচ্ছে।’ শ্রীলঙ্কা সম্প্রতি চীনে একটি টুর্নামেন্ট খেলে এসেছে। বাংলাদেশ-ভুটানের মতো এই দলটিও উজবেকিস্তানকেই গ্রুপ সেরা ধরে নিচ্ছে।
গ্রুপ রানার্সআপ হওয়ার অলিখিত লড়াইয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ভুটান। দশ গ্রুপের মধ্যে সেরা পাঁচ রানার্সআপ আগামী বছর চূড়ান্ত পর্বে সুযোগ পাবে। বাংলাদেশ দল এই সুযোগটাই নিতে চায়, চূড়ান্তপর্বে উঠে নিজেদের এক ধাপ ওপরে নিতে প্রতিশ্রুতিবদ্ধ গোটা দল। এ জন্য চাই শ্রীলঙ্কা ও ভুটানের বিপক্ষে জয়।
প্রধান কোচ সাইফুল বারী মনে করেন জয়টা সম্ভব। কাল শেখ জামাল ধানমন্ডি মাঠে দাঁড়িয়ে বললেন, ‘শ্রীলঙ্কা ও ভুটানকে আমরা হারানোর জন্য তৈরি।’ সেই মিশন আগামীকালই শুরু হয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে।