অনূর্ধ্ব-১৯ ফুটবলকে গুরুত্ব দিচ্ছে বাফুফে
৫ জুন এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের ড্রয়ের পর বাংলাদেশের গ্রুপ দেখে খুশি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার ভালো সম্ভাবনা আছে।’ কথাটা অবাস্তব নয়। শুধু উজবেকিস্তানই ‘এ’ গ্রুপে একমাত্র শক্ত প্রতিপক্ষ। বাকি তিন দল পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটান তুলনামূলক দুর্বল বাংলাদেশের চেয়ে। ১০ গ্রুপের সেরা ১৫ দলের একটি হিসেবে আগামী বছর বাহরাইনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে ওঠার দারুণ সুযোগ বাংলাদেশের সামনে থাকছেই। সেই লক্ষ্যে জোরেশোরে শুরু হয়ে গেছে প্রস্তুতি।
এএফসির এই টুর্নামেন্টের বাছাইপর্বের দল গড়তে কাল শেষ হলো খেলোয়াড়দের উন্মুক্ত ট্রায়াল। প্রাথমিকভাবে ৪৪ জন ফুটবলার বাছাই করেছেন কোচ সাইফুল বারী টিটু। পরে নেওয়া হবে আরও ৮ জন গোলরক্ষক। দু-এক দিনের মধ্যেই জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার চূড়ান্ত করবেন ৮ জন গোলরক্ষককে। মোট ৫২ জন ফুটবলার থেকে আরেক দফা বাছাইয়ের পর ৩০ জনকে নিয়ে আগামী মাসে শুরু হবে আবাসিক ক্যাম্প।
ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫ জন বিকেএসপির। বাফুফের একাডেমি থেকে সুযোগ পেয়েছেন ১১ জন। তবে পেশাদার লিগে খেলা মোহামেডানের ফরোয়ার্ড ইব্রাহিম, রহমতগঞ্জের মানাফ রাব্বি, আবাহনীর টুটুল হোসেন বাদশাদের মতো খেলোয়াড়দের নিয়েই বেশি আশাবাদী কোচ, ‘আমাদের এবারের বাছাই শেষে ইব্রাহিম, রাব্বিদের মতো বেশ কিছু প্রতিভাবান ফুটবলার পেয়েছি। এদের আরও পরিচর্যা দরকার। কাজ শুরু করলেই বোঝা যাবে এরা কেমন খেলবে।’ একাডেমি থেকে আসা ফুটবলারদের মধ্যেও সম্ভাবনা দেখছেন টিটু, ‘ জাতীয় দলের পাইপলাইনের জন্য এরাই বড় ভরসা। যথেষ্ট সম্ভাবনাময় এই ছেলেরা। বয়সভিত্তিক এই ফুটবলারদের তৈরির কাজটা যেখানে ক্লাবগুলোর করার কথা, সেগুলো করছে বাফুফে। আসলে বাফুফে এটিকে জাতীয় দলের ট্রেনিং সেন্টার করার চেষ্টা করছে।’
টিটু থাকছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ, জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফকে পরামর্শক হিসেবে জুড়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ের গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সই ফেডারেশনের একমাত্র লক্ষ্য অবশ্য নয়। বয়সভিত্তিক এই খেলোয়াড়দের ভবিষ্যতে জাতীয় দলে ঢোকার সিঁড়ি হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে।