অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে মরেনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত আগস্টে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল ডেভেলপমেন্ট কোচ হিসেবে। কিছুদিন অনূর্ধ্ব-১৩ দলের দায়িত্বেও ছিলেন গঞ্জালো মরেনো। সেখান থেকে জাতীয় দলের কোচ মারুফুল হকের সহকারী হিসেবে কাজ করেছেন। সর্বশেষ বাফুফে কাল তাঁকে অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব দিয়েছে। আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপের অনূর্ধ্ব-২৩ দল ও এসএ গেমসের দলের দায়িত্বে থাকবেন এই স্প্যানিশ। তাঁর সহকারী হিসেবে থাকবেন সৈয়দ গোলাম জিলানী।
মরেনোর নতুন দায়িত্ব দেওয়ার দিনেই কাল ৪১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। এঁদের নিয়ে আগামী তিন দিন হবে ট্রায়াল। সেখান থেকে বাছাই করা ২৮ জন নিয়ে ২৪ ডিসেম্বর বিকেএসপিতে শুরু হবে এসএ গেমস ও বঙ্গবন্ধু গোল্ড কাপের আবাসিক ক্যাম্প।