অনূর্ধ্ব-১৪ কিশোরীদের তাজিকিস্তান মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এই এপ্রিলেই বাংলাদেশের ১৪ বছর বয়সী মেয়েরা বিস্ময় ছড়িয়েছিল নেপালের কাঠমান্ডুতে। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় (মধ্য ও দক্ষিণ) চ্যাম্পিয়ন হওয়ার পথে ইরানকে হারানো বাংলাদেশের মেয়েদের এবারের মিশন তাজিকিস্তান। তাজিক রাজধানী দুশানবেতে ২৬ এপ্রিল শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৪ (মধ্য ও দক্ষিণ) প্রতিযোগিতার আরও একটি আসর।
গতবার ইরানকে ২-১ গোলে হারানোর পাশাপাশি ভুটানকে ১৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ভারতের সঙ্গে ড্র করে ফাইনালে নেপালের মুখোমুখি হওয়ার দিনই প্রলয়ংকরী ভূমিকম্পের ভয়ংকর অভিজ্ঞতার সঙ্গে পরিচয় মেয়েদের। ভূমিকম্পের কারণে ফাইনাল পিছিয়ে যায় ডিসেম্বরে। সেই ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।
এবার তাজিকিস্তানেও বাংলাদেশের কিশোরীদের গ্রুপসঙ্গী সেই নেপাল। আর আছে ভারত। অন্য গ্রুপে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে কিরগিজস্তান, ইরান ও ভুটান। গতবার অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই ছিল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের। এবারও অনূর্ধ্ব-১৪ দলে আছে কলসিন্দুরের আট ফুটবলার।
তাজিকিস্তানেও সাফল্য নিয়ে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমরা তাজিকিস্তানেও গতবারের সাফল্যের পুনরাবৃত্তি চাই। আশা করছি, মেয়েরা সবার মুখেই হাসি ফোটাবে।’
আগামীকাল তাজিকিস্তানের পথে দেশ ছাড়বে দল। ২৬ এপ্রিল প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। নেপালের বিপক্ষে খেলা ২৮ এপ্রিল।