অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খুশি ওর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর মিডফিল্ডার জিতুকে আটকানোর চেষ্টায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ডিফেন্ডার মঞ্জুরুর। তবে ফিলিস্তিন-যাত্রার আগে প্রথম প্রস্তুতি ম্যাচটা জিতেছে অনূর্ধ্ব-২৩ দলই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
আবাহনীর মিডফিল্ডার জিতুকে আটকানোর চেষ্টায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ডিফেন্ডার মঞ্জুরুর। তবে ফিলিস্তিন-যাত্রার আগে প্রথম প্রস্তুতি ম্যাচটা জিতেছে অনূর্ধ্ব-২৩ দলই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

গত অক্টোবরে জাতীয় দলের ভুটান-লজ্জার পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলের কঠিন পৃথিবীতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ফিলিস্তিনে ১৯-২৩ জুলাই এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের জন্য বাংলাদেশের প্রস্তুতি তাই ভালোই হওয়া উচিত। নতুন কোচ অ্যান্ড্রু ওর্ড এসে মাত্র দুই সপ্তাহের অনুশীলনে কতটা প্রস্তুত করতে পারলেন দলটাকে, সেটির একটু ঝলক কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দেখা গেল আবাহনীর সঙ্গে প্রথম অনুশীলন ম্যাচে। কেমন খেলল অনূর্ধ্ব-২৩ দল?

জয়টা যদি হয়ে থাকে ভালো খেলার বড় মানদণ্ড, তাহলে ওর্ডের দলকে ভালো নম্বরই দিতে হবে। ১-০ গোলে আবাহনীর বিপক্ষে জয় ফিলিস্তিনগামী দলটাকে নিশ্চিতভাবেই কিছুটা উজ্জীবিত ও আত্মবিশ্বাসী করবে।

অনুশীলন ম্যাচে আসল চাওয়াটা থাকে দলীয় সমন্বয় দেখা। তবে নিজের প্রথম অনুশীলন ম্যাচে সেরা একাদশ বেছে নিতে পারছেন না কোচ। ম্যাচ শেষে ওর্ড বললেন, আরেকটু সময় নিতে চান। তবে সাত-আটটি পজিশন মোটামুটি ভেবে রেখেছেন।

এই দলের ফিটনেসে আরও উন্নতি দরকার। ৪৫ মিনিট পরই খেলোয়াড়দের ক্লান্ত লাগছিল। ক্লান্তি কেন? ‘খেলোয়াড়েরা বলতে গেলে সারা বছরই খেলে। কিছুদিন বিরতি দিয়ে ওদের ক্যাম্পে আসতে হয়েছে। তাই মনে হয়েছে একটু ক্লান্ত’—বলেছেন ওর্ড। তবে ফিটনেস পুরোপুরি আনতে আরও দুটি অনুশীলন ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে। আগামীকাল নেপাল গিয়ে ১১ জুলাই কাঠমান্ডুতে নেপাল অনূর্ধ্ব-২৩ ও ১৩ জুলাই কাতার যুব দলের সঙ্গে খেলা।

তার আগে আবাহনীর বিপক্ষে কাল কয়েকটি সুযোগ পেলেও গোল এল মাত্র একটি। আর সবার মতো ওর্ডও অবশ্য মনে করেন, এটা বাংলাদেশের চিরন্তন সমস্যা। তবে ৩৫ মিনিটে পাওয়া একমাত্র গোলে স্টপার টুটুল হোসেন যেভাবে পেছন থেকে ছুটে এসে বলটা বাড়ান, সেটি প্রশংসনীয়। আবাহনীর আগুয়ান গোলরক্ষক সোহেলকে ছিটকে ফাঁকা পোস্টে বল পাঠান মিডফিল্ডার জাফর ইকবাল।

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী পুরো শক্তি নিয়ে খেলেনি, এটা সত্য। মাঠে প্রতিপক্ষকে সেভাবে চাপে ফেলার তাগিদও দেখায়নি। তবে দ্বিতীয়ার্ধে ওর্ডের শিষ্যরা প্রাধান্য নিয়ে খেলেছেন, যখন একাদশ বদলে রুবেল মিয়া, সোহেল রানাদের মাঠে পাঠানো হয়। চোট কাটিয়ে ওঠা হেমন্ত এই অর্ধে ৩০ মিনিট খেলে ভালোই করেছেন। তকলিচ আর দু-একজন ছাড়া বাকিদের দুই অর্ধে দেখেন কোচ। প্রথম একাদশে অধিনায়ক ছিলেন ডিফেন্ডার সোহেল রানা, পরের একাদশে উইঙ্গার মঞ্জুরুর।

ওর্ডের একাদশ সাজানো দেখে মনে হচ্ছে, ফিলিস্তিনেও তিনজন স্টপারই খেলাবেন। ৩-৫-২ ছকে দুই উইংব্যাক ওঠানামা করবে। যদিও কালকের অনুশীলন ম্যাচে উইংব্যাকদের ওঠানামা খুব বেশি দেখা যায়নি। তবে সামগ্রিকভাবে রক্ষণ ভালোই খেলেছে।

নিচ থেকে খেলাটা গড়া, মাঝমাঠ জমাট রেখে আক্রমণে যাওয়া, বেশির ভাগ সময়ই ভালো করেছে অনূর্ধ্ব-২৩ দল। মাঝেমধ্যে প্রেসিং করেছে। বল ছাড়া, পাসিং ভালো হয়েছে। ওর্ড তাই খুশি, ‘ম্যাচটা আমাদের হাতেই ছিল। আমি যথেষ্ট খুশি ছেলেদের পারফরম্যান্স দেখে। তবে আমাদের আরও কাজ করতে হবে।’

একটা দিক লক্ষণীয়, প্রাধান্য নিয়ে খেলেও প্রতিপক্ষ রক্ষণে সেভাবে আতঙ্ক ছড়াতে পারেনি অনূর্ধ্ব-২৩ দল। যদিও প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধের আক্রমণ দেখে কিছুটা নড়েচড়ে বসতেই হয়েছে। এখন প্রশ্ন ফিলিস্তিনে জর্ডান, তাজিকিস্তান ও স্বাগতিক দলের সঙ্গে কেমন করবে এই দল?

ওর্ড মনে করছেন, মানের দিক থেকে ওই দলগুলো এগিয়ে থাকলেও শারীরিকভাবে নিশ্চয়ই নয়। যেমন আবাহনীর গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিংয়ের মতো খেলোয়াড় ফিলিস্তিনে থাকবে না। যাঁর ফ্রিকিক লেগেছ বারে।

তা আবাহনীর কোচ দ্রাগো মামিচ অনূর্ধ্ব-২৩ দলকে কেমন দেখলেন? ‌‌‘ভালোই’ বলে নিজেদের ত্রুটিই আগে খুঁজলেন মামিচ, ‘আমাদের খেলোয়াড়দের ফিটনেস পঞ্চাশ ভাগও নেই। এখানেই আমরা মার খেয়েছি। ওর্ডের দল ফিটনেস এবং দলীয় বোঝাপড়ায় এগিয়ে ছিল। দলটাকে আমার খারাপ মনে হয়নি।’

চূড়ান্ত প্রতিযোগিতায়ও মামিচের এ ধারণাটা থাকলে সেটাই হবে ভালো।