অনেক কাজ বাকি ফন গালের

কোনো দল নিয়ে জীবনে এমন বিপদে পড়েননি লুই ফন গাল। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে বদলে দেওয়ার নানা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ফুটবল বিশ্বে ‘সুপার ট্যাকটিশিয়ান’ হিসেবে পরিচিত ফন গাল প্রাক-মৌসুমে নিজের কৌশলী প্রভাবে খানিকটা বদলেও দিয়েছিলেন দলকে। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচে সোয়ানসির বিপক্ষে অপ্রত্যাশিত হারে এখন নিজের ভাবনা-চিন্তাই আমূলে পাল্টে দেওয়ার চাপে তিনি। প্রথম ম্যাচের পর তিনি বেশ ভালোভাবেই বুঝে গেছেন, ‘এই দলে প্রয়োজন আরও অনেক ঘষা-মাজা।’
মৌসুমের প্রথম ম্যাচেই পুরো দল যথেষ্ট স্নায়বিক চাপে ভুগেছে। এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি ফন গালের। ডাচ কোচ বলেছেন, রুনিরা অনুভব করতে পারছেন না যে তাঁরা ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ঐতিহাসিক’ জার্সি গায়ে চড়িয়েছেন। কেন পারছেন না, এই প্রশ্নটিই আগামী কয়েক দিন সব জায়গায় হাতড়ে বেড়াবেন ফন গাল।
সোয়ানসির বিপক্ষে এই হার প্রাক-মৌসুমে পাওয়া আত্মবিশ্বাস একেবারেই দুমড়ে-মুচড়ে দিয়েছে বলে স্বীকারই করে ফেলেছেন ফন গাল। এখন দলকে গত মৌসুমের দুঃস্বপ্ন থেকে বের করে নিয়ে আসার প্রচেষ্টাটি আরও অনেক কঠিনই হয়ে গেল বলে অনুধাবন করছেন তিনি। তবে এই হারে একটি জিনিস পাকাপোক্ত হয়েছে। বেশ আগে থেকেই নতুন খেলোয়াড় কেনার ব্যাপারে তাঁর যে তালিকাটা ছিল, সেই তালিকাটা আবার ম্যানেজমেন্টের সামনে খুলে দেখানোর সুযোগটা পেয়ে গেলেন। ম্যানেজমেন্টকে তিনি বোঝাবেন, সাফল্য পেতে হলে, হারানো গৌরব ফিরে পেতে হলে দলের খেলোয়াড় তালিকায় কিছু সংযোজন-বিয়োজন প্রয়োজন। আর এটা করতে হবে খুব তাড়াতাড়ি।
ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদের অ্যাঙ্গেল ডি মারিয়ার দিকে হাত বাড়িয়ে রেখেছে সেই কবে থেকে। হাত বাড়িয়েছে আয়াক্সের ডাচ ফুটবলার দালি ব্লিন্দের দিকেও। ফন গালের পছন্দের তালিকায় আছেন গত বিশ্বকাপে নজরকাড়া আর্জেন্টাইন ফুলব্যাক মার্কোস রোহো ও রোমার সেন্টার হাফ মেহদি বেনাতিয়াও। এখন দলবদলের বাজার বন্ধ হয়ে যাওয়ার আগেই এই খেলোয়াড়দের হাতে পেয়ে যেতে চান তিনি। প্রথম ম্যাচের পর ক্লাবের ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ডের সঙ্গে পুরো বিষয়টি নিয়েই নাকি বসছেন আলোচনায়।
প্রথম ম্যাচ দেখেই বোঝা হয়ে গেছে, এই দলের কী প্রয়োজন। উডওয়ার্ডের সঙ্গে বসে সেই চাহিদাটুকুই দ্রুত মেটাতে চান। দেরি হয়ে গেলেই সমস্যা। বিশ্বকাপে নিজের দেশকে সেমিফাইনালে তুলে নেওয়া এই ডাচ কোচ কেন ব্যর্থতার দায়ভার মাথায় নেবেন? ইউনাইটেড কর্তা-ব্যক্তিরা ফন গালের চাহিদা কত তাড়াতাড়ি পূরণ করে, সেটাই এখন দেখার। সূত্র: ডেইলি টেলিগ্রাফ।