অনেক কিছু করার দেখছেন ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোডভিক ডি ক্রুইফ কখনো প্রকাশ করছেন হতাশা। কখনো গাইছেন আশার গান। কখনো-বা বাংলাদেশের ফুটবল-কাঠামো নিয়ে দিচ্ছেন নানা পরামর্শ।
কাল ভারতের সঙ্গে ড্রর পর বাংলাদেশ কোচের কণ্ঠে এমনই পাঁচমিশালি কথাবার্তা শোনা গেল। এই ড্র তাঁর কাছে স্বস্তির, ‘আমি অখুশি নই।’ তবে কাল শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে বাংলাদেশ দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ডাচ কোচের আছে বিস্তর পর্যবেক্ষণ।
প্রথমেই বললেন, ‘এই খেলোয়াড়দের ঘরোয়া লিগে আরও বেশি খেলতে হবে। এরা সেখানে খেলার সুযোগ পায় না সেভাবে। এভাবে তো ওরা তৈরি হতে পারবে না। আমি বলব, বাংলাদেশের এই তরুণদের খেলার বিকল্প নেই।’
স্ট্রাইকার-সংকট নিয়ে কথা উঠল। এই প্রসঙ্গে অন্যরা যা বলেন, ডি ক্রুইফও তাই বললেন। বিদেশি স্ট্রাইকারের কারণে স্থানীয়রা বসে থাকে বেঞ্চে। এভাবে চলতে থাকলে স্ট্রাইকার তৈরি হবে না, সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ কোচ।
তিন ম্যাচে প্রথম দুটিতে বড় হার। ড্র দিয়ে শেষ। বাংলাদেশের প্রাপ্তি কী? এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে ‘আরও অনেক করণীয়’ নিয়েই সরব ডি ক্রুইফের কণ্ঠ। খেলোয়াড়দের শারীরিক ও মানসিক গঠনের ওপর জোর দিলেন। আর বারবারই সিরিয়া, উজবেকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে বললেন, ‘ওটাই আসলে আমাদের সামর্থ্য।’
ভারত কোচ স্যাবিও বাংলাদেশের সঙ্গে ড্র করে স্বস্তি নিয়েই ফিরছেন। সিরিয়ার কাছে চার গোল ও উজবেকিস্তানের কাছে তাঁর দল খেয়েছে দুই গোল। শেষ ম্যাচে চেয়েছিলেন জয় না হয় ড্র। সেটি তাঁর দল পেয়েছে। অন্তত একটা পয়েন্ট পাওয়ায় খুশিই স্যাবিও, ‘টুর্নামেন্টটা কঠিনই ছিল আমাদের জন্য। অনেক কিছু শিখল ছেলেরা। একটা পয়েন্টও পেল। এটাও কম নয়।’