
প্রথমার্ধ শেষে টিভি ক্যামেরায় ধরা পড়ল একটা ছবি। সঙ্গীর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন এক বেলজিয়াম সমর্থক। নিষ্ফলা প্রথমার্ধের পরই হয়তো ঘুম পেয়ে গিয়েছিল ওই সমর্থকের। আর সেই দৃশ্যটা বোধ হয় দেখেছিলেন রোমেলু লুকাকু। বেলজিয়ামকে দ্বিতীয়ার্ধে এমনভাবেই জাগিয়ে তুললেন যে, শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েই মাঠ ছেড়েছে ‘রেড ডেভিলরা’। জোড়া গোল করেছেন লুকাকু, অন্য গোলটা অ্যাক্সেল উইটজেলের।
এই ম্যাচে অনেক কিছুই প্রমাণ করার ছিল বেলজিয়ামের। ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল, কাগজে-কলমে এবারের ইউরোর সবচেয়ে দামি দলও। কিন্তু ইতালির সঙ্গে প্রথম ম্যাচে নিজেদের চেনাতে পারেনি। তারা ‘কাগুজে বাঘ’ কি না, এমন প্রশ্নও উঠে গিয়েছিল। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের ম্যাচ দিয়েই সব প্রশ্নের উত্তর দিল বেলজিয়াম।
প্রশ্ন ছিল লুকাকুকে নিয়েও। সর্বশেষ ১০টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল ছিল না, প্রথম ম্যাচেও নিজেকে হারিয়ে খুঁজছিলেন। মাথার ওপর চাপ নিয়েই কাল নেমেছিলেন মাঠে। ম্যাচ শেষে সেই চাপ নিশ্চয়ই আর নেই। বেলজিয়ামের হয়ে ইউরোতে যে এই প্রথম কেউ জোড়া গোল করলেন!
বড় আসরে বেলজিয়ামের হয়ে সর্বশেষ জোড়া গোলের রেকর্ড সেই ১৯৯৮ সালে। কী অদ্ভুত, মেক্সিকোর সঙ্গে ওই কীর্তিটা যাঁর, সেই মার্ক উইলমটস কাল ছিলেন বেলজিয়ামের ডাগআউটে। এটাও ঘটনাচক্র যে উইলমটসের মতো লুকাকুর কীর্তিও ফ্রান্সের বোর্দোতে। শুধু পার্থক্য হচ্ছে, ওই ম্যাচে বেলজিয়াম ২-২ গোলে ড্র করেছিল, কাল জিতেছে ৩-০ গোলে। ১৯৭০ বিশ্বকাপে এল সালভাদরের পর এটাই বেলজিয়ামের কোনো বড় আসরে সবচেয়ে বড় জয়।
উৎসবের উপলক্ষের জন্য বেলজিয়ামকে অপেক্ষা করতে হয়েছে ৪৮ মিনিট পর্যন্ত। দুর্দান্ত এক প্রতি-আক্রমণের পর কেভিন ডি ব্রুইনের বলটা লুকাকু পেয়েছিলেন বক্সের ঠিক মাথায়। বাঁ পায়ে দারুণ এক শটে সেটি জড়িয়ে দেন জালে। বেলজিয়ামের পরের গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। নিজেদের মধ্যে ২৮টি পাস চালাচালি করার পর টমাস মেউনিয়েরের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান উইটজেল।
৭০ মিনিটে আবারও জ্বলে উঠলেন লুকাকু। এবারও ডান দিক থেকে এডেন হ্যাজার্ডের ক্রস থেকে বল জালে পাঠিয়ে দেন। প্রথম ম্যাচ হারের পর বেলজিয়ামের নকআউট পর্বে যাওয়ার আশা এখন অনেকটাই উজ্জ্বল।
দিনের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে আইসল্যান্ডের সঙ্গে ড্র (১–১) করেছে হাঙ্গেরি। ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে ওঠা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে দলটি।