অনেক কিছুর জবাব দিলেন ইব্রা
‘প্রতিশোধ’, ‘বদলা’ এসব তাঁর মাথায় নাকি একদমই নেই। কিন্তু গত বছরের সেই স্মৃতি যে কাঁটার মতো গলায় বিঁধে ছিল, সেটাই তো দেখা গেল। গোলের পর স্টামফোর্ড ব্রিজে ইব্রাহিমোভিচের বুনো উদ্যাপনই বুঝিয়ে দিল সেই কাঁটাটা সরিয়ে ফেলতে পারার আনন্দ। আর তাতেই কপাল পুড়ল চেলসির, নিজেদের মাঠেও ২-১ গোলে হেরে (দুই লেগ মিলে ব্যবধান ৪-২) চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিল। আর চ্যাম্পিয়নস লিগের জন্য তৃষ্ণার্ত পিএসজি আর এক ধাপ এগিয়ে চলে গেল কোয়ার্টার ফাইনালে।
এক বছর আগের ওই রাতটা ইব্রার ভোলার কথাও নয়। চেলসির বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল পিএসজির সুইডিশ স্ট্রাইকারকে, শেষ পর্যন্ত নাটকীয় এক গোলে পিএসজিই উঠে গিয়েছিল শেষ আটে। এ বছর শেষ ষোলোতে আবার দেখা হলো, প্যারিসে প্রথম সাক্ষাতে গোলও পেলেন। তবে আসলটা জমিয়ে রেখেছিলেন বোধ হয় পরশুর জন্য। ১৬ মিনিটে ইব্রার দুর্দান্ত ক্রস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন আদ্রিয়ান র্যাবিওট। ২৭ মিনিটে ডিয়েগো কস্তার গোলে চেলসি ম্যাচে ফেরার আশা জাগায়। কিন্তু ৬৭ মিনিটে ইব্রা গোল করে চেলসির সব আশা শেষ করে দেন। টানা চতুর্থবারের মতো তাই শেষ আটে উঠে গেল পিএসজি।
ইব্রা অবশ্য ম্যাচ শেষে আবার দাবি করেছেন, প্রতিশোধ-টোধ তাঁর মাথায় একদমই ছিল না, ‘আমার তো এখন নিজেকে বেশ তরুণ মনে হচ্ছে। গত বছরের জন্য এই অনুভূতিটা একেবারেই অন্য রকম। তবে এটা কোনো প্রতিশোধ নয়। বরং কঠিন একটা প্রতিপক্ষের সঙ্গে এটা একটা সাফল্য, একটা মধুর সাফল্য।’
চ্যাম্পিয়নস লিগে ইব্রা নিজেকে কখনো মেলে ধরতে পারেননি, সেটা নিয়ে কম সমালোচনা হয়নি। পিএসজি কোচ লরা ব্লাঁ পরশুর রাতটা দেখছেন সমালোচকদের উদ্দেশে ইব্রার মোক্ষম জবাব হিসেবে, ‘সে লিগ ওয়ানে যেমন খেলে, চ্যাম্পিয়নস লিগে সে রকম পারবে কি না অনেকেই সেটা বলছিল। আজ সে সবকিছুর জবাব দিয়ে দিয়েছে।’
এর আগে দিনের অন্য ম্যাচে শেষ আটে উঠে গেছে বেনফিকা, জেনিতের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে ২-১ গোলে (দুই লেগ মিলে ৩-১ ব্যবধানে)। এএফপি, রয়টার্স।