অনেক কিছুর জবাব দিলেন হিগুয়েইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের অভিষেকেই গোল, হিগুয়েইনের তাই এমন উদ্‌যাপন! ছবি: রয়টার্স।
জুভেন্টাসের অভিষেকেই গোল, হিগুয়েইনের তাই এমন উদ্‌যাপন! ছবি: রয়টার্স।

তাঁকে নিয়ে সমালোচনার যেন অন্ত নেই। অনেক নাটকের পর গত মাসেই নাপোলি থেকে যোগ দিয়েছিলেন জুভেন্টাসে, সেটিও ৯ কোটি ইউরোর অবিশ্বাস্য মূল্যে। কিন্তু মুটিয়ে যাওয়ার জন্য এরপর সইতে হয়েছে বিদ্রূপ। গঞ্জালো হিগুয়েইন মুখে কিছু বলেননি, সব প্রশ্নের উত্তর দিয়েছেন মাঠে। ফিওরেন্টিনার সঙ্গে জয়সূচক গোলটা করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। জুভেন্টাসও রেকর্ড টানা ষষ্ঠ সিরি ‘আ’ জয়ের অভিযান শুরু করেছে ২-১ গোলের জয়ে।

গত মৌসুমে ৩৬ গোল করে সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। মৌসুম শেষেই গুঞ্জন ওঠে, হিগুয়েইনকে দলে নিতে যায় জুভেন্টাস। সে জন্য তাদের নিজেদের ইতিহাসে তো বটেই, সিরি ‘আ’র ইতিহাসেই সবচেয়ে দামি দলবদলের রেকর্ড ভাঙতে হয়েছে। কিন্তু হিগুয়েইনকে অনুশীলনে দেখে অনেকেই চমকে উঠেছেন। বেঢপ রকমের মোটা হয়ে গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে বিস্তর সমালোচনা।

কালও প্রথম একাদশে হিগুয়েইনকে রাখেননি জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। ৩৭ মিনিটে নিজেদের মাঠে স্যামি খেদিরার গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাসই। ৬৬ মিনিটে মারিও মানজুকিচের জায়গায় মাঠে নেমেছিলেন হিগুয়েইন। কিন্তু চার মিনিট পরেই নিকোলা কালিনিচের গোলেই সমতা আনে ফিওরেন্টিনা। কিন্তু হিগুয়েইন তক্কে তক্কেই ছিলেন। ৭৫ মিনিটে নিজেকে চিনিয়ে দেওয়া গোলে এগিয়ে দেন জুভেন্টাসকে। শেষ পর্যন্ত ওই গোলটাই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ম্যাচ শেষে দর্শকেরাও দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন তাঁকে। কে জানে, নাপোলির মতো এখানেও সমর্থকদের মধ্যমণি হতে হয়তো খুব বেশি সময় লাগবে না হিগুয়েইনের।

ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আলেগ্রির কণ্ঠেও ছিল আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রশংসা, ‘হিগুয়েইন খুবই ভালো খেলেছে, ওই গোলটা মোটেই সহজ ছিল না।’ হিগুয়েইন অবশ্য ব্যাপারটা মাত্র ‘শুরু’ হিসেবেই দেখছেন, ‘অভিষেকে গোল করতে পেরে আমি খুবই খুশি। তবে আমাদের আরও অনেক দূর যেতে হবে।’ সিরি ‘আ’ তো বটেই, চ্যাম্পিয়নস লিগও নিশ্চয় পাখির চোখ করবেন হিগুয়েইন!