অনেক কিছুর মধ্যেও অপূর্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ বছর ধরে চলছে বাংলাদেশ পেশাদার ফুটবল লিগ। এখনো যা নামেই পেশাদার। বলতে গেলে ক্লাবগুলোর একটিও পূরণ করেনি পেশাদার ফুটবলের শর্তগুলো। পেশাদার লিগের ১২টি ক্লাবের ভেতর-বাহির নিয়ে নতুন এই ধারাবাহিক
ঢাকার ডেমরায় করিম জুট মিলে বিজেএমসির ক্লাব ভবন l সৌজন্য ছবি
ঢাকার ডেমরায় করিম জুট মিলে বিজেএমসির ক্লাব ভবন l সৌজন্য ছবি

ডেমরায় করিম জুট মিলের ভেতরে ঢুকে আর বেরোতে মন চাইবে না। গাছগাছালি, পাখি, জলাশয়—চমৎকার প্রাকৃতিক পরিবেশ! আমের সময় আম পেড়ে খান ফুটবলাররা। কাঁঠাল, কলা, আমড়া, আনারস...নানা ধরনের ফলদ গাছ। প্রাকৃতিক পরিবেশ মনটাকে অন্য জগতে নিয়ে যাবে। ঠিক বিকেএসপির মতো। জায়গাটিকে বনভোজনের জন্য বেছে নেওয়া যায়। কোনো ‘পেশাদার’ দলের আবাসনের যেমন উপযোগী পরিবেশ দরকার, পুরোপুরিই তা আছে বিজেএমসির। বাংলাদেশে অন্য কোনো ক্লাবের তা নেই।

ক্লাব টেন্টটা টিনশেড, দেয়াল ও মেঝে পাকা। বোর্ডের সিলিং। ১০ কক্ষের সব কটিই শীতাতপনিয়ন্ত্রিত। কক্ষ থেকে বেরোলেই বাগান। পাশে একটা লেকের মতো, সুইমিংপুলের প্রয়োজনটাও এতে খানিকটা মেটে। দুটি পুকুরও আছে। অন্য ক্লাবের খেলোয়াড়েরা অনুশীলন করে ক্লাবের বাইরে যাওয়ার জন্য ছটফট করেন। কিন্তু বিজেএমসির ফুটবলাররা ওখানেই থাকেন। প্রকৃতিকে গায়ে মাখেন।

দলটির ফুটবলার মেহেদি হাসানের ভাষায়, ‘জায়গাটা ঠিক রিসোর্টের মতো লাগে। সারা দিন বসে থাকতে মন চায়।’ ক্লাব লনে ছাতা-টাতা আছে। পানি-বিদ্যুতের সমস্যা নেই। খাওয়াদাওয়া নিয়ে কারও কোনো অভাব-অভিযোগ শোনা যায়নি।

বিজেএমসির মাঠও আছে। ক্লাবঘরের পাশেই বিশাল সেই মাঠ, একাগ্র অনুশীলনের জন্য দারুণ জায়গা। মাঠে একটা ভিআইপি স্ট্যান্ডও আছে। বিজেএমসির বার্ষিক খেলা এখানে বেশ জমে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দলের এ ধরনের নিজস্ব মাঠ মানে বিরাট একটা সুবিধা।

তবে দলটির জিমের অভাব আজও পূরণ হয়নি। ওজন প্রশিক্ষণের কিছু সরঞ্জাম হয়তো আছে, কিন্তু পূর্ণাঙ্গ জিম না হলে পেশাদার যুগে কি চলে! ক্লাব কর্তৃপক্ষ সেই অপূর্ণতাও ঘোচাতে চায়। ক্লাবের আরেকটি ঘাটতি—কোনো ট্রেনার নেই। তবে করিম জুট মিলের চিকিৎসকের সহায়তা নিতে পারে ফুটবল দল।

মাঠের বাইরে সব ঠিক, তবে মাঠের লড়াইয়ে বিজেএমসি বড় হয়ে উঠতে পারছে না। প্রতিবছর মাঝারি মানের দল গড়া হয়, যেটি শিরোপা লড়াইয়ে থাকে না। মনে হয় দলটির অবস্থান মাঝামাঝি থাকলেই খুশি কর্তৃপক্ষ। বড় দলগুলো গড়ে ২৫-৩০ লাখ টাকা বেতনে প্রথম সারির খেলোয়াড় কেনে। বিজেএমসির সর্বোচ্চ পারিশ্রমিক ১০-১২ লাখ টাকা। বাজেট আরেকটু বাড়িয়ে শিরোপা লড়াইয়ে থাকার মতো একটা দল অবশ্য গড়তেই পারে বিজেএমসি।

তবে খেলোয়াড়-কর্মকর্তাদের তৃপ্তি একটা জায়গাতেই, চুক্তির সব টাকাই তাঁরা পান। এক টাকাও নাকি এদিক-ওদিক হয় না, যেটা অন্য অনেক ক্লাবেই হয়। দলের কয়েকজন একই সুরে বলেন, খেলোয়াড়দের চুক্তির টাকা নয়-ছয়ের কোনো সুযোগ নেই। ব্যাংক চেকের মাধ্যমে টাকা পান সবাই। চুক্তির টাকা পাঁচ কিস্তিতে দেওয়া হয়। ৫০ ভাগ নাকি এরই মধ্যে খেলোয়াড়েরা পেয়ে গেছেন। খেলোয়াড়দের আরেকটি তৃপ্তি, মাঠে ফল খারাপ হলে অন্য দলের কর্মকর্তারা বাজে আচরণ করেন। এখানে সেটা নেই।

বিজেএমসির সবুজ মাঠ l সৌজন্য ছবি
বিজেএমসির সবুজ মাঠ l সৌজন্য ছবি

ক্লাবটির পুনর্জন্মের পর গত পাঁচ মৌসুমের চারটিতেই কোচ জাকারিয়া বাবু। তাঁর মুখে শুধুই ক্লাবের প্রশংসা, ‘বলতে পারেন, আমি খুবই খুশি এখানে কাজ করে। কথার কোনো কথার বরখেলাপ নেই কর্মকর্তাদের, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। আর সুযোগ-সুবিধার কথা নাই-বা বললাম, ওটা বাংলাদেশে একটা দল হিসেবে “এ” প্লাস।’ দলটির সহকারী ও গোলরক্ষক কোচ সাইদুর রহমানেরও একই কথা। ম্যানেজার আরিফুল হক চৌধুরীর মুখেও দলীয় ব্যবস্থাপনার প্রশংসা।

সেই প্রশংসা একটু বেশিই প্রাপ্য ক্লাবটির পুনর্জন্মে বড় অবদান রাখা আরিফ খান জয়ের। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক খেলা ছাড়ার পরপরই তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর নজরে পড়েন। মন্ত্রীর আগ্রহে বিজেএমসির পরিচালক (ক্রীড়া) পদে যোগ দিয়ে বিজেএমসি ফুটবল দলটা পুনরুজ্জীবিত করেন জয়। তিনি উদ্যোগ না নিলে আজ হয়তো শুধু ইতিহাসের পাতাতেই থাকত বিজেএমসি নামটা। তবে জয় যুব ও ক্রীড়া উপমন্ত্রী হওয়ার পর বিজেএমসির সভাপতি পদ ছাড়তে হয়েছিল। তখন কিছুদিন সংকট তৈরি হয়েছিল, দায়িত্ববান কেউ ছিলেন না। এখন দলটির অভিভাবক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম সব সময় খোঁজখবর নেন। দুবার তিনি ক্যাম্পও পরিদর্শন করেছেন। খেলোয়াড়-কর্মকর্তাদের ভাষ্য, সংকটের মেঘ কেটে রোদ উঠেছে।

পাকিস্তান আমলে দলটির নাম ছিল ইপিআইডিসি (ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন)। স্বাধীনতার পর প্রথমে বিজেআইসি পরে বিজেএমসি। বিজেএমসি নামে ১৯৭৯ সালে আবাহনী-মোহামেডানকে টপকে বাসুদেব কর্মকারের নেতৃত্ব চ্যাম্পিয়ন হয় দলটি। শফিকুজ্জামান, সালাম মুর্শেদীরা খেলেছেন ওই দলে। শেখ আসলাম একসময় এই দলেরই পতাকাতলে ছিলেন। এখন আর সেভাবে খেলোয়াড় তৈরি করতে পারছে না বিজেএমসি। যুব ফুটবল নিয়ে কোনো পরিকল্পনা নেই। সুন্দর পরিবেশে থাকার সুবিধা এবং দারুণ মাঠ থাকার পরও কেন যে তারা সেটা করে না!

আছে

নিজস্ব ভবন

নিজস্ব মাঠ

প্রধান কোচ

সহকারী ও গোলরক্ষক কোচ

ফিজিও

ডাক্তার

নেই

জিম

ট্রেনার

যুব দল

যুব পরিকল্পনা

বিপণন কর্মকর্তা

নিজস্ব বাহন

সমর্থক গোষ্ঠী

এ যেন পুনর্জন্ম

১৯৬৭, ১৯৬৮, ১৯৭০ লিগে চ্যাম্পিয়ন ইপিআইডিসি। ১৯৭৩ সালে চ্যাম্পিয়ন বিজেআইসি নাম নিয়ে। সেই ক্লাবটিই বিজেএমসি নামে চ্যাম্পিয়ন ১৯৭৯ সালে। হারিয়ে যাওয়ার ২৯ বছর পর ২০১১-১২ মৌসুমে ঢাকার ফুটবলে ফিরে আসে। এখন পর্যন্ত টানা পাঁচটি পেশাদার লিগে খেলে প্রথম দুবার চতুর্থ, পরের দুবার সপ্তম ও গতবার নবম।

পেশাদার লিগে ১১৩ ম্যাচ খেলে ৩৬ জয়। ৩৪ ড্র, ৪৩ হার। গোল ১৫১, বিপক্ষে ১৫৮