অনেক প্রশ্নের উত্তর খুঁজছে স্পেন
একদিকে ইতিহাসের হাতছানি। প্রথম দল হিসেবে টানা তিনটি ইউরো জয়ের সুযোগ। অন্যদিকে মাঠের বাইরে বিতর্ক, সম্প্রতি প্রীতি ম্যাচে বড় দলগুলোর বিপক্ষে খারাপ ফল এবং ধারাবাহিকতা ধরে রাখতে না পারা আক্রমণভাগ। সে কারণেই, সম্ভবত ছয় বছরের মধ্যে এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে স্পেনকে ‘হট ফেবারিট’ ভাবা হচ্ছে না।
এটির একটা ইতিবাচক দিকও আছে। প্রত্যাশা কম মানে চাপও কম। চাপ কম থাকলে খেলা যায় নির্ভার হয়ে। কখনো কখনো সেটাই সেরাটা বের করে আনে। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন কি আজ পারবে আর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে?
ঐতিহ্য আর শক্তিতে স্পেনই এগিয়ে। ইউরোর তিনবারের চ্যাম্পিয়ন তারা। তবে চেক প্রজাতন্ত্রও চ্যাম্পিয়ন হয়েছে ১৯৭৬ সালে, যদিও সেটা তৎকালীন চেকোস্লোভাকিয়া হিসেবে। প্রীতি ম্যাচে পারফরম্যান্স যেমনই হোক, ইউরোর বাছাইপর্ব থেকে ১০ ম্যাচের ৯টি জিতে গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে এসেছে স্পেন। প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বশেষ ৮ ম্যাচে টানা জয় তাদের। তবে এই পারফরম্যান্স হঠাৎই প্রশ্নের মুখে পড়েছে ইউরোর আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে র্যাঙ্কিংয়ের ১৩৭ নম্বর দল জর্জিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়ায়।
এর মধ্যে মাঠের বাইরে ডেভিড ডি গিয়ার যৌন কেলেঙ্কারিতে দল কিছুটা হলেও চাপে। তার ওপর এই বছর বড় দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে গোল পেতে হিমশিম খেয়েছেন স্পেন ফরোয়ার্ডরা। রোমানিয়ার বিপক্ষে তো গোলশূন্য ড্র-ই করতে হয়েছে, ইতালির সঙ্গে ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে। তুলুজে আজ চেকের বিপক্ষে তাই অনেক প্রশ্নের জবাব দিতে হবে ভিসেন্তে দেল বস্কের দলকে।
বাছাইপর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে চেকও। আর সেটা করার পথে তারা দুইবার হারিয়েছে হল্যান্ডকে। যে হল্যান্ড শেষ পর্যন্ত জায়গাই পায়নি ইউরোর মূল পর্বে। ফিফা র্যাঙ্কিংয়ের ৩০ নম্বর দলটি ইউরোর আগে সর্বশেষ তিনটি প্রস্তুতি ম্যাচের দুটিতে জিতেছে, একমাত্র হারটি দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে। টুর্নামেন্ট শুরুর আগে সর্বশেষ ওই ম্যাচে হার কিছুটা হলেও মানসিকভাবে ধাক্কা দিয়েছে চেকদের। তবে পাভেল ভরবার দলের জন্য সুখবর হচ্ছে, চোট কাটিয়ে পুরো ফিট হয়ে ফিরেছেন টমাস রসিকি, আজ তাঁর মাঠে নামা নিয়ে কোনো সংশয় নেই বললেই চলে।
অধিনায়ককে ফিরে পেয়ে চেক প্রজাতন্ত্রও যে খুব চাঙা থাকবে, তাতে কোনো সংশয় নেই! এএফপি, রয়টার্স।