অনেক বাধা পেরিয়ে ওরা ঢাকায়
বড় ভাই হানিফ উদ্দিনের হাত ধরে নাটোর থেকে অনেক বাধা পেরিয়ে ঢাকায় এল কিশোর সাজিনুর রহমান। হরতালের কারণে সিরাজগঞ্জ পর্যন্ত এসেছে অটোরিকশায়। এরপর ট্রেনে ঢাকা। সাজিনুরের মতো কষ্টের পাহাড় ঠেলে কক্সবাজারের মহেশখালী থেকে ঢাকায় এল আনোয়ারুল আজিম। জাতীয় দলের মিডফিল্ডার তৌহিদুল আলমের ভাগনে আজিম স্বপ্ন দেখে, একদিন মামার মতোই দেশের শীর্ষপর্যায়ে ফুটবল খেলবে। এমন স্বপ্ন বুকে এঁকে দেশের সাত বিভাগের বাছাই করা ৪৫ জন অনূর্ধ্ব-১৩ ফুটবলার কাল কমলাপুর স্টেডিয়ামে এসেছিল বাফুফের একাডেমিতে সুযোগ পাওয়ার ট্রায়াল দিতে।
১৩ নভেম্বর সিলেট বিকেএসপিতে বাফুফের একাডেমির উদ্বোধন। দুই বছর আগে একাডেমির জন্য প্রথমবার খেলোয়াড় বাছাই করা হয়েছিল। কিন্তু একাডেমি আলোর মুখ দেখেনি তখন, ওই সব খেলোয়াড়ের বয়সও পেরিয়ে গেছে। তাই নতুন করে নেওয়া হলো এই উদ্যোগ। দুই দিনের বাছাই প্রক্রিয়া শেষে ২০ জন সুযোগ পাবে একাডেমিতে।
কমলাপুরের গ্যালারিতে কাল ছিলেন শ খানেক অভিভাবক। তাঁদেরই একজন নারায়ণগঞ্জের মরিয়ম ইসলাম। ছোট ভাই আবদুর রহমানকে নিয়ে দারুণ আশাবাদী তিনি, ‘বিভাগীয় পর্যায়ে ও যখন টিকে গেছে, আশা করছি জাতীয় পর্যায়েও টিকবে। সিলেটে যাওয়ার স্বপ্ন দেখছে জামালপুরের রুম্মন হোসেন। সে ট্রায়াল দিয়েছে গোলরক্ষক হিসেবে সুযোগ পেতে। হাতে গ্লাভস আর চোখভরা স্বপ্ন নিয়ে রুম্মন বলছিল, ‘সিলেটে যাওয়ার জন্যই এত কষ্ট করে ঢাকায় এসেছি। একাডেমিতে আমাকে যেতেই হবে।’